এসএ গেমসে আশা কোথায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ্যাথলেটিকসে আর আশা নেই’—কয়েক বছর ধরেই দেশের অ্যাথলেটিকস এমন দীর্ঘশ্বাস ফেলছে। হতাশা আরও বাড়িয়েই দিতে কিনা ৩৯তম জাতীয় অ্যাথলেটিকস কাল শেষ হলো রেকর্ডবিহীন!
আগামী ১০-২০ জানুয়ারি অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ান গেমসের সামনে দাঁড়ানো বাংলাদেশের জন্য যা ভালো ইঙ্গিত নয়। দক্ষিণ এশিয়ার ‘অলিম্পিকে’ বাংলাদেশ অ্যাথলেটিকস দল সর্বশেষ সোনা জিতেছে ২০০৬ কলম্বোয়। ১১০ মিটার হার্ডলসে সোনাজয়ী নোয়াখালীর অ্যাথলেট মাহফুজুর রহমান মিঠু কিছুদিন পরই বিদেশে পাড়ি জমান। সেই মাহফুজুরের কোচ রফিক উল্যা আখতার মিলন কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বলছিলেন, ‘আগামী এসএ গেমসে সোনা জেতার মতো অ্যাথলেট আমার চোখে পড়েনি।’
অ্যাথলেটদের পারফরম্যান্স আন্তর্জাতিক মানে যেতে না পারাই তাঁর চোখে বড় ঘাটতি। অ্যাথলেটিকসে বাংলাদেশের সম্ভাবনাময় ইভেন্ট মূলত স্প্রিন্ট ও মেয়েদের হার্ডলস। লং জাম্পকেও তালিকায় রাখা যেতে পারে। কিন্তু এই ইভেন্টগুলোতে বর্তমান পারফরম্যান্স আন্তর্জাতিক মানের অনেক পেছনে।
ইলেকট্রনিক স্কোরবোর্ডে দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ সম্প্রতি বিশ্ব অ্যাথলেটিকসে ১০০ মিটার দৌড়েছেন ১১.১৩ সেকেন্ডে। এবারের জাতীয় মিটে হাতঘড়িতে ১০০ মিটারে তাঁর টাইমিং ১০.৬০। দ্রুততম মানবী শিরিন আক্তারের ১২.২০। লং জাম্পে আল আমিন তাঁর গড়া জাতীয় রেকর্ডের (৭.৬০ মিটার) চেয়ে কাল খারাপ করেও প্রথম হয়েছেন (৭.১২)।
পারফরম্যান্সের এই ক্রমাবনতি সাতবারের দ্রুততম মানবী লাভলী বেগমকে অবাকই করেছে। খেলা দেখতে এসে কাল বলছিলেন, ‘১৯৯৮ সালে আমি ১০০ মিটারে সময় নিয়েছি ১২ সেকেন্ড। এবার দেখলাম শিরিনের টাইমিং ১২.২০ সেকেন্ড। তাহলে আমরা এগোতে পারলাম কোথায়? এসএ গেমসে ভালো করার মতো অ্যাথলেট দেখছি না।’
ভালো করার মতো খেলোয়াড় নেই—এই নিরাশার সঙ্গে অবশ্য কণ্ঠ মেলাতে রাজি নন সাবেক অ্যাথলেট রাজিয়া সুলতানা অনু। বরাবরের মতো এবারও জাতীয় প্রতিযোগিতার আদ্যোপান্ত দেখে তাঁর পর্যবেক্ষণ, ‘কিছু সম্ভাবনাময় খেলোয়াড় তো আছে। একেবারেই কিছুই নেই তা বলা ঠিক নয়।’
৮০০ ও ১৫০০ মিটারের সঙ্গে কাল ৩ হাজার মিটারেও সোনা জিতে চোখ কেড়েছেন সেনাবাহিনীর সুমি আক্তার। যদিও দূরপাল্লার দৌড়ে এসএ গেমসে ভালো করার সম্ভাবনা নেই বাংলাদেশের অ্যাথলেটদের। মেয়েদের হার্ডলসে শ্রেষ্ঠত্ব ধরে রাখা নোয়াখালীর জেসমিন আক্তারের কথা আলাদা করে বলছেন কেউ কেউ। শটপুটে কাল প্রথম হওয়া বিজেএমসির শ্রাবণী মল্লিক, ২০০ মিটার স্প্রিন্টে সেনাবাহিনীর শরিফুল ইসলামের কথাও আসছে কারও কারও মুখে। অনেকে বলছেন, এই খেলোয়াড়দের পরিচর্যা করলে হয়তো ভালো কিছু হতেও পারে। তাঁরা একেবারেই আশা ছাড়ছেন না।
আশাবাদীদের দলে অগ্রণী নাম ইব্রাহিম চেঙ্গিস। মেজবাহ-শিরিন-জেসমিনদের সঙ্গে শ্রাবণী, শরিফুলদের নিয়েও এগোতে চান ফেডারেশনের সাধারণ সম্পাদক। তাই ‘এসএ গেমসে সম্ভাবনা নেই’ বাক্যটার সঙ্গে একমত না হয়ে সামনে তাকাচ্ছেন তিনি। গত এসএ গেমসে ঘরের ট্র্যাকে প্রাপ্তি মাত্র দুটি রুপা, তবে এই খেলোয়াড়দের পরিচর্যা করলে আগামী গেমসে ভালো কিছু হতে পারে বলেই বিশ্বাস করেন চেঙ্গিস, ‘এখনই হতাশার কথা কেন বলব? সামনে তিন মাস সময় আছে। কার্যকর অনুশীলন করতে পারলে অবশ্যই এসএ গেমসে আমরা ভালো করতে পারি।’
ভালো করার অদম্য ইচ্ছার ফল তো হাতেনাতেই মিলেছে। জাতীয় অ্যাথলেটিকসে গতবারের চ্যাম্পিয়ন নৌবাহিনীকে হারিয়ে এবার যেমন শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিল সেনাবাহিনী।

চূড়ান্ত পদক তালিকা

 সোনা রুপা ব্রোঞ্জ
সেনাবাহিনী ২০ ১৮ ১৮
নৌবাহিনী ১৫ ৭ ৬
বিজেএমসি ১ ৩ ৬


* শুধু সোনাজয়ীরা