ওঁদের স্বপ্নভঙ্গের বেদনা

‘দুজনের মধ্যে কে বড়?’—প্রশ্নটায় হাসান খান সান হেসে উত্তর দিলেন, ‘আমি’। যমজ ভাইয়ের অন্যজন হোসেন খান মুন রহস্যটা ভাঙলেন, ‘ও কিন্তু আমার চেয়ে মাত্র পাঁচ মিনিটের বড়!’
দুজনের একসঙ্গে বেড়ে ওঠা, পড়াশোনা। খেলাধুলাও একসঙ্গে। দুজন বেছে নিয়েছেন একই খেলা কারাতে। গত ২০১০ এসএ গেমসে কারাতে পেয়েছিল সর্বোচ্চ ৪টি সোনা। এর মধ্যে দলগত কাতায় দুই ভাই দেশকে এনে দেন সোনা। একক কুমিতে মুনের ব্রোঞ্জ। গেমসে ১৮টি সোনা জিতে তৃতীয় হয়েছিল বাংলাদেশ, তাতে কারাতে রেখেছে বলার মতো অবদানই।
কিন্তু এমন সাফল্যের পরও আগামী ১০-২০ জানুয়ারি আসামের গুয়াহাটি ও মেঘালয়ের শিলংয়ে অনুষ্ঠেয় ১২তম এসএ গেমসের প্রাথমিক তালিকায় নেই কারাতে! তবে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা খুব করেই চাইছে কারাতে রাখতে। শেষ পর্যন্ত কারাতে ঢুকে পড়ার সম্ভাবনাও নাকি আছে। যদিও প্রাথমিক খবরটা শোনার পর থেকেই হতাশা ঘিরে ধরেছে দুই ভাইকে।
৮ জুলাই দিল্লিতে দক্ষিণ এশিয়ার সব দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সভায় গলফ, ক্রিকেট ও কারাতে বাদ দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছিল। ইভেন্টগুলো রাখার ব্যাপারে চেষ্টা করেও সফল হয়নি বাংলাদেশ। ক্রিকেট, গলফ দুই ইভেন্টেই গতবার ঘরের মাঠে সোনা এসেছে বাংলাদেশের। এবারও সম্ভাবনা ছিল, কারাতেও এনে দিতে পারত সোনা। কিন্তু ভারতীয় কারাতের দুটি সংগঠনের (অল ইন্ডিয়া কারাতে ফেডারেশন এবং কারাতে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া) দ্বন্দ্বের বলি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তানের খেলোয়াড়েরা। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এই দুটি সংগঠনকে এক ছাতার নিচে আনতে না পেরেই নাকি খেলাটি বাদ দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিল ওই সভায়।
অথচ এই একটি আন্তর্জাতিক গেমসে খেলবেন বলে চাতক পাখির মতো পাঁচ বছর অপেক্ষায় ছিলেন কারাতেকা সান, ‘গতবার এত ভালো করলাম। কিন্তু এবার খেলতেই পারব না। এটা মানতে কষ্টই হচ্ছে।’
সেটিই স্বাভাবিক। জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য পাওয়া দুই ভাইয়ের কাছে এটা যে বজ্রাঘাতের মতোই। যমজ ভাইয়েরা হতে চেয়েছিলেন ক্রিকেটার। কিন্তু প্রয়াত মুক্তিযোদ্ধা বাবার কাছে যুদ্ধের গল্প শুনতে শুনতে মনের অজান্তেই পছন্দ করেন ‘মারামারির খেলা’ কারাতে। তাঁদের উৎসাহ দিয়েছেন তিন গোয়েন্দার বিখ্যাত চরিত্র মুসা আমান। মুসা কারাতে পারেন, অবসরে পড়া তিন গোয়েন্দার এই চরিত্রের মতো তাই নিজেদেরও ভাবতেন। এরপর মুসার সঙ্গে যোগ দেন জ্যাকি চ্যান, জেট লি। মারদাঙ্গা এই নায়কদের সিনেমাগুলোও আকর্ষণ করত যমজদের। সিনেমা দেখে স্কুলে তা দৃশ্যায়নের চেষ্টা করতেন।
কারাতে ফেডারেশনে গিয়ে দু ভাই খেলা শুরু করেন ২০০৩ সালে। যদিও বাবা চাননি ছেলেরা মারামারির মতো খেলা শিখুক। কিন্তু মা ও বোনের সহযোগিতা পেয়েছেন। যমজ ভাইয়েরা ঘরোয়া আসরে নিয়মিত খেললেও আলোটা টানতে পেরেছেন গত এসএ গেমসে সোনা জিতে। এবারও দক্ষিণ এশিয়ার ‘অলিম্পিকে’ খেলে সোনার হাসি ছড়াতে চেয়েছিলেন। তা হচ্ছে না জেনে মুনের আক্ষেপটা বেশি, ‘ফেডারেশন কর্মকর্তারা যোগ্যদের বাদ দিয়ে দল গড়েছিল বলে গত এশিয়ান গেমসে যেতে পারিনি। এবার এসএ গেমসেও খেলা হবে না। সিদ্ধান্তটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’
কারাতে নিয়ে তাই স্বপ্ন দেখারও সাহস পান না দুই ভাই। দুজনই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে চাকরি খুঁজছেন। এভাবে চলতে থাকলে হয়তো খেলাটাই ছেড়ে দেবেন। সান বলছেন, ‘নিয়মিত অনুশীলন করেও যদি খেলার সুযোগ না পাই, তাহলে খেলে লাভ কী? ভাবছি চাকরিবাকরি করেই জীবন গড়ব।’
দুই ভাই কতটা আশাভঙ্গের বেদনায় পুড়ছেন, তা বোধ হয় আর না বললেও চলে।