‘ওপর মহলের নির্দেশে’ দুই বোনকে মেরে ফেলতে চেয়েছিলেন

আরউইন রিভেরা।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরউইন রিভেরা নামটা অপরিচিত লাগতে পারে।

আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) ভক্ত হয়ে থাকলে অবশ্য আলাদা কথা। মিশ্র মার্শাল আটের ব্যানটামওয়েট (ইউএফসির ক্ষেত্রে ১২৬-১৩৫ পাউন্ড ওজনশ্রেণি) পর্যায়ে খেলে থাকেন এই মেক্সিকান ইউএফসি খেলোয়াড়।

তেমন আহামরি কেউ না হলেও ভয়ংকর কাণ্ড ঘটিয়ে আলোচনায় উঠে এসেছেন ৩১ বছর বয়সী রিভেরা। ‘ওপর মহলের নির্দেশে’ ছুরিকাহত করেছেন নিজের দুই বোনকে!

ফ্লোরিডা পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বয়নটন বিচ এলাকার বাসায় নিজের দুই বোনকে আক্রমণ করে বসেন রিভেরা।

পুলিশের ভাষ্যমতে, ‘রক্তাক্ত মুখ ও একাধিক আঘাতের চিহ্ন নিয়ে’ ২২ বছরের এক তরুণী জানান, তাঁদের ভাই তাঁকে এবং আরও এক বোনকে ছুরি ও পিতলের গিঁট দিয়ে আঘাত করেছেন।

এর চার ঘণ্টা পর পুলিশ গ্রেপ্তার করে রিভেরাকে। ইচ্ছাকৃতভাবে আঘাতের কথা স্বীকার করেন তিনি। আদালত তাঁর জামিন মঞ্জুর করেননি। প্রথম মাত্রায় নরহত্যার ইচ্ছার অভিযোগে ‘বিস্ট’খ্যাত এই খেলোয়াড়কে গ্রেপ্তার করে পুলিশ।

রিভেরা স্বীকার করেছেন, দুই বোনকে খুন করাই ছিল তাঁর লক্ষ্য।

গ্রেপ্তারের প্রতিবেদনে বলা হয়, কয়েকজন প্রতিবেশী ও আঘাতের শিকার হওয়া বোনদের একজন পুলিশে ফোন করেছিলেন। পুলিশ গিয়ে দেখতে পায়, রিভেরার ২২ বছর বয়সী এক বোন রাস্তায় রক্তাক্ত মুখে পড়ে কাতরাচ্ছেন।

এ সময় তাঁর আরও এক বোন ঘরে ছিলেন। পুলিশ ঘরে ঢুকে ৩৩ বছর বয়সী সে নারীকেও উদ্ধার করে। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, দুটি ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তির পর চিকিৎসক জানান, একজন বিপদমুক্ত হলেও আরেকজনের অবস্থা গুরুতর।

রিভেরার দুই বোন তাঁদের ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁরা আঘাতের শিকার হন। ভাইকে তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করেও পারেননি। এ সময় ছোট বোনটি বাসা থেকে বের হয়ে যেতে সক্ষম হন।

প্রতিবেশীরা রাতে কোলাহলের আওয়াজ ও রক্তাক্ত মুখে এক নারীর রাস্তায় দাঁড়িয়ে সাহায্য চাওয়া দেখে পুলিশে খবর দেন। ‘সে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে! দয়া করে আমার বোনকে বাঁচান’—এই বলে প্রতিবেশীদের কাছে সাহায্য চান রিভেরার ২২ বছর বয়সী বোন।

এর মধ্যে দরজা খুলে রক্তাক্ত মুখে বের হয়ে আসেন রিভেরা। প্রতিবেশীদের ধমকে ‘দরজা বন্ধ’ করতে বলেন। কিন্তু প্রতিবেশীদের ফোন করা দেখে দৌড়ে পালিয়ে যান রিভেরা।

ডেলরে বিচ পুলিশ সকাল সাতটা নাগাদ রিভেরাকে গ্রেপ্তার করে। এ সময় ‘আমি নিজের বোনদের মেরে ফেলেছি’—বলে চিৎকার করছিলেন।

নিজের জবানবন্দিতে রিভেরা বলেছেন, ‘ওপর মহলের ইচ্ছা’য় বোনদের মেরে ফেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু এই ‘ওপর মহল’ কে এবং কেন মেরে ফেলার ইচ্ছা, তা নিয়ে রিভেরা মুখ খোলেননি।

ইউএফসি বিবৃতি দিয়েছে, ‘তাঁর (রিভেরা) ম্যানেজমেন্ট জানিয়েছে, মক্কেলের মানসিক সমস্যা গুরুতর হয়ে উঠেছে।’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রিভেরার ক্যারিয়ার ঝুলে থাকবে বলেও জানিয়েছে ইউএফসি।

কোনো জামিন না পেলেও বেকার আইনের অধীনে মানসিক চিকিৎসার হাসপাতালে নেওয়া হয় রিভেরাকে। কাল আদালত থেকেই এই নির্দেশ আদায় করেছেন রিভেরার আইনজীবী। চিকিৎসা শেষে তাঁকে আবার জেলে পাঠানো হবে এবং ৪ মার্চ দ্বিতীয় দফা আদালতে উপস্থিত হতে হবে তাঁকে।

আরউইন রিভেরার এক বোন লেজলি রিভেরা অবশ্য পরে ভাইয়ের প্রতি সহমর্মিতা জানিয়ে তাঁর পক্ষে দাঁড়ান।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘ভাইকে আমরা ভালোবাসি এবং যে কেউ জানে আমাদের পরিবারে একে অন্যের সঙ্গে কত নিবিড় সম্পর্ক। মানসিকভাবে সুস্থ হয়ে সে নিজের পেশায় ফিরুক, সেটাই চাই আমরা।’