যেন বন্দুকের নল শূন্যে তাক করা, ট্রিগারে হাত। অদৃশ্য গুলি ছোড়ার দৃশ্যমান ভঙ্গিই উসাইন বোল্টের উদ্যাপনের ট্রেডমার্ক। অবশ্য সংবাদ সম্মেলন, দাতব্যকাজ কিংবা অন্য কোনো অনুষ্ঠানে গেলেও উদ্যাপনের উপলক্ষ ছাড়াই ভক্তের অনুরোধ কিংবা স্পনসরদের আহ্বানে এই ভঙ্গিমায় হাজারবার দাঁড়াতে হয়েছে তাঁকে। তবে বৃহস্পতিবার সেই ভঙ্গি করার লগ্নটিকে কখনোই ভুলবেন না জ্যামাইকান স্প্রিন্টার। তাঁর সঙ্গে চিরচেনা ঢঙে যে গুলি ছুড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও! জ্যামাইকা সফরকালে কিংস্টনের টাউন হলে দুজনের সাক্ষাতে এই দৃশ্যের অবতারণা। পরে ইনস্টাগ্রামে সেই ঘটনার একটা ভিডিও পোস্ট করেছেন বোল্ট, যেখানে ওবামা বলছেন, ‘এই ছেলের চেয়ে কখনো কেউ দ্রুত দৌড়াতে পারেনি!’ ফেসবুকেও সেই ভিডিওটি পোস্ট করে বোল্ট লিখেছেন, ‘আমি কী বলব...আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা সত্যিই বড় সম্মানের ব্যাপার।’ স্মরণীয় তো বটেই। হাফিংটন পোস্ট।