কথা রাখেনি সাঁতার ফেডারেশন
দ্বাদশ এসএ (দক্ষিণ এশিয়ান) গেমসের আট মাস পেরিয়ে গেলেও তাতে পদকজয়ী সাঁতারুরা এখনো ফেডারেশনের প্রতিশ্রুত অর্থ পুরস্কার পাননি। এবারের এসএ গেমসে সাঁতার থেকে ২টি সোনা ও ১৫টি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। এর মধ্যে জোড়া সোনা জেতেন মাহফুজা খাতুন শিলা।
ভারতে যাওয়ার আগে ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন প্রত্যেক সোনাজয়ীকে ৩ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। রুপা জিতলে ২ লাখ ও ব্রোঞ্জজয়ীদের ১ লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু কী এক রহস্যজনক কারণে এখন পর্যন্ত সাঁতারুরা একটি টাকাও পাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাঁতারু কাল আক্ষেপ করে বলছিলেন, ‘এখনো আমাদের প্রতিশ্রুত টাকা পাইনি, কিন্তু এটা নিয়ে কিছু বলারও সাহস পাচ্ছি না। আমাদের একটা সংবর্ধনা পর্যন্ত দেওয়া হয়নি! ফেডারেশনের এমন আচরণে খুবই খারাপ লাগে।’
সাঁতারুদের অর্থ পুরস্কার দেওয়া নিয়ে রফিজ উদ্দিন বলেছেন, ‘এ মুহূর্তে ফেডারেশনের তহবিলে টাকা নেই। এ জন্যই আমরা সাঁতারুদের অর্থ পুরস্কার দিতে পারছি না। তবে শিগগিরই ওদের সব টাকা দিয়ে দেওয়া হবে।’
সাঁতারুরা এখনো এসএ গেমসের অর্থ পুরস্কার না পেলেও অন্যান্য গেমসের পদকজয়ীরা ঠিকই নিজ নিজ ফেডারেশন থেকে সংবর্ধনা ও অর্থ পুরস্কার পেয়েছেন। শুটিংয়ে সোনাজয়ী শাকিল আহমেদকে ফেডারেশন দিয়েছে ৭ লাখ টাকা, রুপাজয়ীরা ৫ লাখ ও ব্রোঞ্জজয়ীরা ৩ লাখ করে পেয়েছেন। গেমস শেষ হওয়ার পরপরই ভারোত্তোলনে সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্তকেও প্রতিশ্রুত ১ লাখ টাকা অর্থ পুরস্কার দেয় ফেডারেশন। এ ছাড়া ভারোত্তোলনে রুপাজয়ীরা ৫০ হাজার ও ব্রোঞ্জজয়ীরা ২৫ হাজার করে টাকা পেয়েছেন। গত এসএ গেমসে সব মিলিয়ে বাংলাদেশ জেতে ৪টি সোনা, ১৫টি রুপা ও ৫৬টি ব্রোঞ্জ। আট দেশের মধ্যে পঞ্চম হয় বাংলাদেশ।