করোনায় অলিম্পিক থেকে ছিটকে পড়লেন পোল ভল্টের বিশ্ব চ্যাম্পিয়ন

টোকিও অলিম্পিকে এভাবে দেখা যাবে না স্যাম কেনড্রিকসকেফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোকিও অলিম্পিক চলছে আপন গতিতে। এর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণও থেমে নেই। এই মহামারিও আপন গতিতে ধেয়ে চলছে অলিম্পিক ভিলেজে।

টোকিও অলিম্পিকে এখন পর্যন্ত কোভিড শনাক্তের সংখ্যা ১৯৮। নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন অলিম্পিক ভিলেজে। গেমসের সঙ্গে সংশ্লিষ্ট দুজন রয়েছেন হাসপাতালে।

তবে আজ গেমসে সংক্রমণ নিয়ে সবচেয়ে বড় খবর হলো পোল ভল্টে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্যাম কেনড্রিকসের ছিটকে পড়া।

করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন ২০১৭ ও ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা দুবারের চ্যাম্পিয়ন কেনড্রিকস। যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি খবরটি নিশ্চিত করেছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্যাম কেনড্রিকস কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। টোকিও অলিম্পিকে তিনি অংশ নেবেন না।’

পোল ভল্টে সোনা জয়ে ফেবারিট ছিলেন কেনড্রিকস। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সুইডেনের বিশ্ব রেকর্ডধারী আরমান্দ ডুপ্লানটিস। ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ২৮ বছর বয়সী কেনড্রিকস আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি, ‘স্থানীয় নিয়মের সঙ্গে সংগতি রেখে তাকে হোটেলে আইসোলেশনে পাঠানো হয়েছে। স্যাম যুক্তরাষ্ট্রের অলিম্পিক দলে একজন অসাধারণ সতীর্থ। তাকে সবাই মিস করবে। তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার স্বার্থে আমরা আর কিছু বলতে পারছি না।’

টোকিও অলিম্পিকে শনিবার শুরু হবে পোল ভল্টের লড়াই। তার দুই দিন আগে কোভিড পজিটিভ হওয়ায় নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন স্যাম কেনড্রিকস।

তাঁর বাবা স্কট কেনড্রিকস ছেলের করোনায় সংক্রমিত হওয়ার খবর সবার আগে ইনস্টাগ্রামে জানান। অবশ্য পরে পোস্টটি তিনি মুছেও ফেলেন।