ভাইয়ের মৃত্যুশোক বুকে চেপেই টোকিও অলিম্পিকের ব্যাডমিন্টন কোর্টে নামবেন ইন্দোনেশিয়ান তারকা জোনাথন ক্রিস্টি। এই ভাই–ই তাঁর অনুপ্রেরণার উৎস ছিলেন। অলিম্পিকে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে যাওয়া ক্রিস্টির কাছে যেন মৃত ভাইয়ের আত্মাকেও শান্তি দেওয়া।
সারা পৃথিবী দেড় বছর ধরে পর্যুদস্ত করোনাভাইরাসে। এই প্রাণঘাতী ভাইরাস যে দুনিয়ার বিভিন্ন প্রান্তে কত পরিবারকে ছিন্নভিন্ন করে দিয়েছে, কত মানুষকে বাধ্য করেছেন প্রিয়জনের মৃত্যুশোক সইতে, তার কোনো হিসাব নেই। সাধারণ মানুষের চেয়ে ক্রীড়াবিদেরা তো ভিন্ন কিছু নন। তাঁরাও করোনাভাইরাসের শিকারে পরিণত হয়েছেন, প্রিয়জনের অসুস্থতা, মৃত্যুর মধ্য দিয়ে গেছেন তাঁরাও। ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন তারকা ক্রিস্টি যেমন ২৩ বছর বয়সেই হারিয়েছেন তাঁর বড় ভাইকে। হারাতে বসেছিলেন তাঁর মা–বাবাকেও। তবে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত বাঁচতে পেরেছেন তাঁরা।
২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে সোনা জিতেছিলেন ক্রিস্টি। তাঁর ভাই যখন এ বছরের শুরুতে করোনায় আক্রান্ত হন, তখন তিনি একটি টুর্নামেন্ট খেলছিলেন থাইল্যান্ডে। সেখান থেকে ফেরার পরই মায়ের কাছ থেকে জানতে পারেন ভাইয়ের করোনা আক্রান্ত হওয়ার কথা। তখনো ক্রিস্টি ভাবতে পারেননি, কী অপেক্ষা করছে তাঁর জন্য! কয়েক দিনের মধ্যেই ক্রিস্টির মা আর বাবাও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
বেশ কিছুদিন ভুগে মারা যান ক্রিস্টির ভাই ইভান। ভয়াবহ সে সময় তাঁর মা–বাবাও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। পরিবারের বিয়োগান্তক ঘটনার চাপটা পুরোপুরি ক্রিস্টিকেই সামলাতে হয়। তাঁর মা–বাবার অবস্থা এমন ছিল যে বড় ছেলের মৃত্যুর সংবাদও তাঁদের দেওয়া হয়নি। পরে অপ্রিয় কাজটা করতে হয় ক্রিস্টিকেই। এক বিকেলে ২৩ বছর বয়সী এই ব্যাডমিন্টন তারকাকেই দায়িত্ব নিতে হয় পৃথিবীর করুণতম সংবাদটি তাঁর মা–বাবাকে দেওয়ার।
সে সময়কার কথা স্মরণ করেছেন ক্রিস্টি, ‘আমার মা আর বাবা ছিলেন এক হাসপাতালে, ভাই ছিলেন আরেকটিতে। আমি প্রতিদিন মা–বাবাকে দেখে ভাইয়ের কাছে যেতাম। ভাই যখন মারা যান, তখন সেটি আমি মা–বাবাকে বলতে পারিনি। এমন একটা খবর সহ্য করার মতো শারীরিক অবস্থা তাঁদের ছিল না। আমি নিজে নিজে গুমড়ে মরতাম। শেষ পর্যন্ত ভয়াবহ সংবাদটি তাঁদের দিতে হয়। আমি নিজেই দিই।’
টোকিও অলিম্পিকই তো করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। গত বছর তো এটি হতেই পারল না। এ বছর যখন নতুন করে সময়সূচি ঘোষিত হলো, তখনো করোনার অনিশ্চয়তা। দুনিয়াজুড়েই চলছে এর তাণ্ডব। জাপানের সাধারণ মানুষও চায়নি করোনার এ দুঃসময়ে অলিম্পিক হোক তাদের দেশে, তাদের রাজধানী শহরে।
পারিবারিক দুঃসময় ক্রিস্টির প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত করেছে। একটা পর্যায়ে তো ধরেই নিয়েছিলেন অলিম্পিকে খেলা হবে না তাঁর। সে সময়টা পেছনে ফেলে প্রস্তুতি নিয়েছেন। তবে এই ইন্দোনেশিয়ান তারকাকে শক্তি দিয়েছে ভাইয়ের স্মৃতিই। আরও একটা ব্যাপার তাঁকে মানসিক শক্তি জুগিয়েছে। বড় ছেলে হারানো মা–বাবাকে যদি অলিম্পিকে ভালো করে কিছুটা হলেও আনন্দ দিতে পারেন, ‘আমি আমার ভাইয়ের স্মৃতি নিয়েই অলিম্পিকে লড়ব। এটা আমার জন্য বড় একটা চ্যালেঞ্জও। আমি চাই মা–বাবার মুখে হাসি ফোটাতে। করোনায় তাঁরা বড় ছেলে হারিয়েছেন। আমি যদি অলিম্পিকে ভালো করি, সেটি নিশ্চয়ই তাঁদের সে শোক কিছুটা হলেও ভুলতে সহায়তা করবে।’