করোনায়ও প্রিন্সের হাতে ছিল হকিস্টিক

করোনাভাইরাস মহামারির মধ্যে ইতালির ঘরোয়া হকিতে খেলেছেন প্রিন্স।ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার আগে থেকেই স্থবির বাংলাদেশের ঘরোয়া হকি। খেলোয়াড়দের আয়রোজগারও বন্ধ। সর্বশেষ লিগ হয়েছে ২০১৮ সালের জুনে। স্থগিত হয়ে গেছে ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি ও জুনিয়র এশিয়া কাপ হকি।

জাতীয় ও বয়সভিত্তিক হকি ক্যাম্পও বন্ধ। মাঝে শুধু বিজয় দিবস ও মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকির আয়োজন করেছে হকি ফেডারেশন। খেলোয়াড়েরা তাই অলস সময় কাটাচ্ছেন। এ অবস্থায় শঙ্কা ফিটনেস ধরে রাখা নিয়েই।

তবে এ ক্ষেত্রে উজ্জ্বল ব্যতিক্রম বলা যায় প্রিন্স লাল সামুন্দকে। করোনাকালেও স্টিক হাতে ব্যস্ত সময় কেটেছে তাঁর। অনূর্ধ্ব–২১ দলের এই মিডফিল্ডার খেলে এসেছেন ইতালির ঘরোয়া হকিতে।

প্রিন্সের নামটা অচেনা লাগতে পারে অনেকের কাছেই। ঘরোয়া হকিতেও যে খুব বেশি নজর কেড়েছেন, তা–ও নয়। কিন্তু জাতীয় দলের সাবেক কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির রাডারে ঠিকই ধরা পড়ে তাঁর স্টিকওয়ার্ক, স্কিল আর গতি। সে কারণেই ২০১৮ সালে গোবিনাথান প্রথম ইউরোপে হকি খেলার প্রস্তাব দেন প্রিন্সকে।

প্রস্তাবটা পেয়ে অবাক হলেও প্রিন্স সুযোগটা হাতছাড়া করতে চাননি। কিন্তু বয়স ১৮ বছরের কম হওয়ায় তখন একা ইউরোপে যাওয়ার সুযোগ ছিল না তাঁর। অবশেষে গত মার্চে খেলতে যান ইতালির হকি ক্লাব পিস্তোইয়াতে। মাস তিনেক ইতালিতে থেকে ইতালিয়ান হকি চ্যাম্পিয়নশিপের সিরি আ-টুয়ে খেলে প্রিন্স দেশে ফিরেছেন ২ জুন।

অস্ট্রেলিয়ার ঘরোয়া হকিতে খেলার স্বপ্ন দেখেন প্রিন্স।
ছবি: সংগৃহীত

পিস্তোইয়া ইতালিয়ান হকিতে খুব বড় কোনো ক্লাব নয়। দেশটির হকি চ্যাম্পিয়নশিপ হয় তিন স্তরে। প্রথম দুই স্তর সিরি আ-ওয়ান ও সিরি আ-টুতে খেলে জাতীয় পর্যায়ের ক্লাবগুলো। আঞ্চলিক পর্যায়ের ক্লাবগুলো খেলে সিরি-বিতে। সিরি আ-টুয়ের চ্যাম্পিয়ন ক্লাব সুযোগ পায় পরের মৌসুমে সিরি আ-ওয়ানে খেলার।

প্রিন্সের দল পিস্তোইয়া খেলে সিরি আ-টুতে। অল্পের জন্যই এবার তারা উঠতে পারেনি সেমিফাইনালে। সেমিফাইনালের প্লে–অফে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে গোলগড়ে পিছিয়ে থাকায়। ১০ ম্যাচের ৪টিতে জয়, ৪টিতে ড্র ও ২ ম্যাচে হার পিস্তোইয়ার। সব ম্যাচেই নিয়মিত একাদশে খেলেছেন প্রিন্স। এক ম্যাচে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

প্রিন্স ছাড়াও পিস্তোইয়াতে বিদেশি কোটায় খেলেছেন উগান্ডার দুই খেলোয়াড়। প্রিন্স বলছিলেন, ‘আমরা শেষ ম্যাচে জিতলেই সেমিফাইনালের জন্য প্লে-অফে খেলতে পারতাম। আমি কোনো ম্যাচে গোল পাইনি, তবে আমার পাসে গোল হয়েছে অনেক। পেনাল্টি কর্নারগুলো কোচ আমাকেই নিতে বলতেন।’

মাঠে প্রিন্সকে সামলাতে ব্যস্ত প্রতিপক্ষের খেলোয়াড়েরা। ইতালিয়ান ঘরোয়া হকিতে।
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার নাজিরাবাজারে বেড়ে ওঠা প্রিন্স বিকেএসপির ছাত্র। ২০১৯ সালে শেষ হয় বিকেএসপির পাঠ। ২০১৪ সালে প্রথম বিভাগে খেলেন শিশু–কিশোর সংঘে। ২০১৬ সালে প্রিমিয়ার লিগে নাম লেখান ওয়ান্ডারার্সের হয়ে। ২০১৮ সালে সর্বশেষ প্রিমিয়ার লিগে খেলেছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের জার্সিতে।

আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন চারবার। বিকেএসপির হয়ে ২০১৬ সালে খেলেন ভারতে অনুষ্ঠিত নেহরু কাপে। ২০১৮ সালে থাইল্যান্ডে যুব অলিম্পিকের বাছাইয়ে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন প্রিন্স।

ওই বছরেই আর্জেন্টিনায় খেলেছেন যুব অলিম্পিকে। ঢাকায় ২০১৯ সালে ওমানের বিপক্ষে জাতীয় অনূর্ধ্ব-২১ দলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রিন্স।

ইতালিয়ান ঘরোয়া হকিতে পিস্তোইয়া সতীর্থের সঙ্গে হাত মেলাচ্ছেন প্রিন্স।
ছবি: সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপের ক্যাম্প বন্ধ হওয়ায় একটু হতাশই হয়েছিলেন। তবে ইতালিতে খেলার অভিজ্ঞতা জুনিয়র এশিয়া কাপে কাজে লাগবে বলে মনে করছেন প্রিন্স, ‘বিজয় দিবস টুর্নামেন্টে খেলার পর বয়সভিত্তিক ক্যাম্পে যোগ দিয়েছিলাম। করোনায় ক্যাম্প স্থগিত হয়ে গেলে আমি ইতালি চলে যাই। সেখানে পুরো সময় খেলা আর অনুশীলনের মধ্যেই ছিলাম, ফিটনেসটাও ভালোভাবে ধরে রেখেছি। জুনিয়র এশিয়া কাপে এই অভিজ্ঞতা কাজে দেবে আশা করি।’

জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমির খেলা দেখে বড় হয়েছেন প্রিন্স। স্বপ্ন দেখতেন জিমির মতো ইউরোপে খেলার।

সেই স্বপ্নপূরণে খুশি এই তরুণ খেলোয়াড়, ‘বিকেএসপিতে পড়ার সময় দেখেছি, জিমি ভাই জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে খেলতে যেতেন। আমিও স্বপ্ন দেখতাম একদিন ওনার মতো ইউরোপে খেলব।’

পিস্তোইয়ার জার্সিতে নিজের খেলার মান বাড়িয়েছেন প্রিন্স।
ছবি: সংগৃহীত

ইউরোপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডসের ঘরোয়া হকিতেও খেলার ইচ্ছা প্রিন্সের, ‘ইতালি থেকে যে অভিজ্ঞতা নিয়ে এসেছি, সেটা ভবিষ্যতে কাজে লাগবে। আমার স্বপ্ন অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডসের ঘরোয়া হকিতে খেলা।’