কাঁধের চোটে মাহফিজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে এক বছরের প্রশিক্ষণ শেষে পরশু রাতে দেশে ফিরেছেন নৌবাহিনীর সাঁতারু মাহফিজুর রহমান (সাগর)। দুঃসংবাদ হলো, তিনি ফিরেছেন কাঁধের চোট নিয়ে। কাল থেকেই তাই মাহফিজুর ছোটাছুটি শুরু করেছেন চিকিৎসকদের কাছে। পাবনায় গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারেননি। রিও অলিম্পিক যাওয়ার প্রক্রিয়া শেষ করতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কার্যালয়ে গিয়ে দেখা করতে চেয়েছিলেন বিওএর চিকিৎসক শফিকুর রহমানের সঙ্গে। কিন্তু তিনি রাশিয়ায়। মাহফিজুরের তাই আজ দেখা করার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরীর সঙ্গে।

মাহফিজুর জানিয়েছেন, অতিরিক্ত অনুশীলনের কারণেই তাঁর এই চোট, ‘থাইল্যান্ডে আমাদের সঙ্গে যাঁরা ছিলেন সবাই অলিম্পিকে সরাসরি সুযোগ পেতে বাড়তি পরিশ্রম করতেন। আসলে অতিরিক্ত অনুশীলন হয়ে গেছে আমার। চেয়েছিলাম কারও দাক্ষিণ্যে নয়, সরাসরি অলিম্পিকে খেলা প্রথম বাংলাদেশি হব আমি। এই বাড়তি পরিশ্রমই সর্বনাশটা করেছে।’ থাইল্যান্ডে নিয়মিত পাঁচ ঘণ্টা অনুশীলন করলেই চলত। কিন্তু রিও অলিম্পিকে সরাসরি খেলতে ফিনার দেওয়া কোটা অর্জনের জন্যই অতিরিক্ত অনুশীলন করেছেন মাহফিজুর। তবে সেখানকার চিকিৎসক ও ফিজিও তাঁকে একাধিকবার সতর্ক করেছিলেন।

মাহফিজুরের চোটের একমাত্র চিকিৎসা পূর্ণ বিশ্রাম। তারপরও সামনে যেহেতু অলিম্পিক, চিকিৎসকদের পরামর্শেই সবকিছু করতে চান তিনি। তবে অলিম্পিক যাওয়া নিয়ে খুব বেশি সংশয় নেই তার মনে, ‘এটা এমন কোনো চোট না যে আমি অলিম্পিকে যেতে পারব না। থাইল্যান্ডের ফিজিও-ডাক্তার সবাই বিশ্রামের পরামর্শ দিলেও কীভাবে বিশ্রাম নেব সেটাই ভাবছি। হাতে বিশ্রাম নেওয়ার মতো সময় নেই। এখন বিশ্রাম নিলে পারফরম্যান্স নিচের দিকে নেমে যাওয়ার আশঙ্কাই বেশি।’