কাবুল থেকে ৫০ আফগান নারী অ্যাথলেটকে উদ্ধার করল অস্ট্রেলিয়া

আফগানিস্তান থেকে বিমানে পার্থ বিমানবন্দরে নামছেন অস্ট্রেলিয়ানরা। ছবিটি গত ২০ আগস্টেরছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবান ক্ষমতা দখলের পর অস্থিতিশীল পরিস্থিতি চলছে আফগানিস্তানে। লোকজন দেশ ছাড়তে মরিয়া, কাবুল বিমানবন্দরে এ নিয়ে হট্টগোল ও গুলিতে হতাহতও হয়েছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘এবিসি’ জানিয়েছে, ৫০ জনের বেশি আফগান নারী অ্যাথলেট এবং তাঁদের ওপর নির্ভরশীলদের নিরাপদ জায়গায় স্থানান্তর করেছে অস্ট্রেলিয়া। ক্রীড়াবিশ্বের খ্যাতিমান লোকজনেরা এই অ্যাথলেটদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার সুপারিশ করেছেন।

আফগানিস্তানের রাজধানী কাবুল ১৫ আগস্ট দখলে নেয় তালেবান। এরপর এক সপ্তাহ ধরে দেশটি থেকে অস্ট্রেলিয়ান নাগরিক এবং দূতাবাসের কিছু জনবল নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ করছে অস্ট্রেলিয়ান দূতাবাস।

প্রায় হাজারখানেক লোক এরই মধ্যে অস্ট্রেলিয়াগামী বিমানে উঠেছেন। এর মধ্যে ৫০ জন নারী অ্যাথলেট এবং তাঁদের ওপর নির্ভরশীলরা রয়েছেন বলে জানিয়েছে এবিসি। তালেবান দেশটির ক্ষমতা দখলের পর অ্যাথলেটদের দুর্দশার কথা ভেবে তাঁদের সরিয়ে নেওয়ার সমর্থনে সুপারিশ করেছেন ক্রীড়াবিশ্বের খ্যাতনামা অনেকেই।

আফগানিস্তানের কাবুল বিমানবন্দর দিয়ে অনেক বিদেশিকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ জায়গায়
ছবি: রয়টার্স

পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ‘ফিফপ্রো’ আফগানিস্তান থেকে অ্যাথলেটদের সরিয়ে নেওয়ার কাজেও হাত মিলিয়েছে। কারও নাম কিংবা সংখ্যা না জানালেও অ্যাথলেটদের দল সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করেছে ফিফপ্রো।

সংগঠনটি বিবৃতিতে বলেছে, ‘আফগান নারী ফুটবলার ও অ্যাথলেটদের বড় একটা অংশকে সরিয়ে নেওয়ার জন্য অস্ট্রেলিয়ান সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। এই তরুণ নারী অ্যাথলেটরা বিপদে ছিলেন। বিশ্বব্যাপী তাদেরই একজন সঙ্গী হিসেবে আমরা আন্তর্জাতিক গোষ্ঠীকে ধন্যবাদ জানাই। কারণ, তাদের সাহায্যে সবাই এগিয়ে এসেছেন।’

আফগানিস্তান নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক খালেদা পোপাল এখন ডেনমার্কে বসবাস করছেন। অ্যাথলেটদের সরিয়ে নেওয়ার খবরটি তাঁর কাছে বিজয়ের মতো, ‘এই সংকটের সময়ে নারী ফুটবলাররা সাহস দেখিয়েছে, আফগানিস্তানের বাইরে আশা করি তারা উন্নত জীবন গড়তে পারবে।’

কানাডার হয়ে দুটি অলিম্পিক সাঁতারে অংশ নেওয়া নিকি ড্রাইডেন এসব আফগান নারী অ্যাথলেটকে সাহায্য করছেন। অস্ট্রেলিয়ান এক আইনজীবীর সঙ্গে অ্যাথলেটদের ভিসা আবেদনের কাজ করে দিচ্ছেন তাঁরা, দুজন আফগান প্যারালিম্পিক অ্যাথলেটও আছেন এ তালিকায়। অস্ট্রেলিয়া ছেলেদের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ক্রেগ ফস্টারও বসে নেই।

আফগান নারী অ্যাথলেটদের ভিসার প্রক্রিয়া দ্রুত করতে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিসে পাইন এবং ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাকের সঙ্গে কথা বলেছেন। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে ফিফপ্রোর পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তানে এখনো অনেক অ্যাথলেট দুর্দশায় রয়েছেন। তাঁদের সাহায্য করতে যা যা সম্ভব, সেসব করা উচিত।