কাল থেকে জুনিয়র অ্যাথলেটিকস
হাজি মোহাম্মদ নুরুল ইসলাম স্মৃতি ৩২তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস মিট আগামীকাল শুরু হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। পৃষ্ঠপোষকের নামটা বেশ কৌতূহল-জাগানিয়া। নারায়ণগঞ্জের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের প্রয়াত বড় ভাইয়ের নামে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এটি আয়োজন করছে অ্যাথলেটিকস ফেডারেশন। এর আগে নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমানের প্রয়াত বাবার নামে দুটি অ্যাথলেটিকস মিট হয়েছিল। এবারও জাতীয়ভিত্তিক কোনো প্রতিষ্ঠানকে না পাওয়ায় এমন পৃষ্ঠপোষক বলে জানালেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জের ইব্রাহিম চেঙ্গিস।
সাড়ে ১১ লাখ টাকা বাজেটের মধ্যে ৫ লাখ টাকা দেবে স্পনসর। বাকি টাকা খরচ হবে ফেডারেশনের তহবিল ভেঙে। আয়োজনটা বেশ বড়ই, দুই দিনের প্রতিযোগিতায় সারা দেশের প্রায় ৬০০ নবীন খেলোয়াড় আসবে বলে আশাবাদ ফেডারেশনের। এদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় খেলোয়াড়দের নিয়ে যথারীতি দীর্ঘ মেয়াদে অনুশীলন ক্যাম্প আয়োজনের কথা কাল সংবাদ সম্মেলনে জোর দিয়েই বলেছেন ফেডারেশন সম্পাদক, যদিও নানা সংকটে এসব ক্যাম্প অচিরেই মুখ থুবড়ে পড়ে।