কালো টি-শার্টে মুখ কালো চীনপন্থী রাজনীতিবিদের

অ্যাঙ্গাস এন কা-লংছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবারই প্রথমবারের মতো অলিম্পিকে খেলার সৌভাগ্য হলো অ্যাঙ্গাস এন কা-লংয়ের। হংকংয়ের এই ব্যাডমিন্টন খেলোয়াড় সেদিন নিজের প্রথম গ্রুপ ম্যাচে খেলতে নেমেছিলেন। ২৭ বছর বয়সী এই খেলোয়াড়ের গায়ে ছিল কালো টি-শার্ট। টি-শার্টে নিজের নামের আদ্যক্ষরের সঙ্গে আরও দুটি শব্দ লিখেছেন কা-লং—হংকং, চীন।

এমন সাধাসিধে পোশাকই মাথায় আগুন ধরিয়ে দিয়েছে দুজন চীনপন্থী জাতীয়তাবাদী রাজনীতিবিদের। কা-লংকে এমনই বাক্যবাণে বিঁধেছেন যে হংকংয়ের অলিম্পিক দলের কর্মকর্তাদের সে রোষের হাত থেকে খেলোয়াড়কে বাঁচাতে এগিয়ে আসতে হয়েছে।

হংকং দলের অন্যদের পোশাক ছিল এমন
ছবি: এএফপি

চীনের রাজনীতিকদের রাগের কারণ কা-লংয়ের জার্সির রং। এই কালো রঙের সঙ্গে হংকংয়ের স্বাধীনতা আন্দোলনের সম্পর্ক খুঁজে পাওয়া যায়। চীনের দুই রাজনীতিবিদ তাই কা-লংয়ের সমালোচনা করেছেন। এক রাজনীতিবিদ বলেছেন, এই কালো রং দিয়ে হংকংয়ের স্বাধীনতাকামীদের উসকে দেওয়া হচ্ছে।

ঝামেলা বাধিয়েছে হংকংয়ের ব্যাডমিন্টন দলের অন্য খেলোয়াড়দের পোশাক। বাকি সবাই আনুষ্ঠানিক পোশাকই (কমলা রঙের) গায়ে চাপিয়েছেন। যে ট্র্যাকসুটগুলোর স্পনসর ব্যাডমিন্টন ব্র্যান্ড ইওনেক্স। সবার পোশাকে হংকং শহরের প্রতীকও ছিল।

অলিম্পিকের শুরু থেকেই কালো পোশাক পরছেন কা-লং
ছবি: ইনস্টাগ্রাম

এ ব্যাপারে এন কা-লং বলেছেন, তাঁর পোশাক কোনো রাজনৈতিক বার্তা বহন করেননি। বরং তাঁকে এখন আর ইওনেক্স স্পনসর করছে না বলেই টুর্নামেন্টের সব নিয়ম মেনে পোশাক বেছে নিয়েছেন তিনি।

হংকং অলিম্পিক দলের প্রধান পুই কোয়ান-কে আজ হংকং রেডিওকে বলেছেন, ‘এই ঝামেলা বেশ প্রভাব ফেলেছে। দল ও কর্মকর্তারা এটা স্বাভাবিকভাবেই সামলানোর চেষ্টা করছেন এবং প্রতিযোগিতায় মনোযোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।’ হংকং অলিম্পিক কমিটির সহসভাপতি কেনেথ ফক ফেসবুকে অ্যাথলেটদের একটু ছাড় দিতে বলছেন, ‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম মেনে যেকোনো পোশাকই পরতে পারে অ্যাথলেটরা।’

দুই বছর আগে হংকংয়ে স্বাধীনতাকামীরা বেশ বড় এক আন্দোলনে নেমেছিলেন। কিন্তু চীন কঠোর হাতে সে আন্দোলন দমন করেছিল। এমন অবস্থায় হংকংয়ের যে কারও কাণ্ডে খুঁত বের করার চেষ্টায় থাকেন চীনপন্থী জাতীয়তাবাদী রাজনীতিবিদেরা।

কা-লং
ছবি: ইনস্টাগ্রাম

এ ব্যাপারে গতকালই উত্তর দিয়েছিলেন এন কা-লং। এরপর হংকং ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন জানিয়েছে, সময় স্বল্পতার কারণেই নিজের পোশাকে হংকংয়ের প্রতীক বসাতে পারেননি এই অ্যাথলেট। আর এ পোশাকে অলিম্পিক রেফারিরাও আপত্তি তোলার কোনো কারণ দেখেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এন কা-লং বলেছেন, ‘আমাকে যত খুশি বকা দিন সমস্যা নেই, কিন্তু আগে সবকিছু জেনে নিন।’ কা-লংয়ের জবাব শুনে এবং কড়া সমালোচনার মুখে দুই রাজনীতিবিদের একজন নিকোলাস মুক নিজের ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলেছেন।