কিশোরী বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিয়ানা লিস্টন
ব্রিয়ানা লিস্টন

আর মাত্র চার মাস। আগস্টে লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের পরই বিদায় বলে দেবেন উসাইন বোল্ট! তবে বোল্টের পর কে—এই দুশ্চিন্তায় না-ও পড়তে হতে পারে জ্যামাইকাবাসীকে। ‘ভবিষ্যৎ বোল্টের’ যে সন্ধান মিলে গেছে! কিশোরী বোল্টই বলা ভালো, ১২ বছর বয়স তার। নাম? ব্রিয়ানা লিস্টন।
কী করেছে ব্রিয়ানা? ক্যারিবিয়ান দেশটির যে প্রতিযোগিতাকে ভবিষ্যৎ অ্যাথলেটদের সূতিকাগার ভাবা হয়, সেই ইন্টার সেকেন্ডারি ছেলে ও মেয়েদের চ্যাম্পিয়নশিপের ক্লাস ফোরে (অনূর্ধ্ব-১৩ বছর) ১০০ ও ২০০ মিটারে জিতেছে। ২০০ মিটারে সময় নিয়েছে মাত্র ২৩.৭২ সেকেন্ড। ১৯৮৮ অলিম্পিকে সিনিয়র মেয়েদের ২০০ মিটারে যে বিশ্ব রেকর্ড গড়েছেন ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার (২১.৩৪ সেকেন্ড), এই বয়সেই তার খুব কাছাকাছি গেছে ব্রিয়ানা! অনূর্ধ্ব-১৩ বয়সীদের মধ্যে ২৪ সেকেন্ডের নিচে ২০০ মিটার দৌড় শেষ করার প্রথম কীর্তি এটি।
রেকর্ডটা ২৩.৪৬ সেকেন্ডও হতে পারত। টুর্নামেন্টের সেমিফাইনালেই এই সময় নিয়েছিল ব্রিয়ানা। কিন্তু বাতাসের গতি সেকেন্ডে +২.২ মিটার হওয়ায় (গ্রহণযোগ্য মাত্রা সেকেন্ডে ২.০ মিটার) রেকর্ডটা হয়নি। তবে ফাইনালে তার এতটা দাপট ছিল যে দ্বিতীয় হওয়া ওনিয়েকা ম্যাকআনুফের চেয়ে ০.৮৮ সেকেন্ড আগেই ফিনিশিং লাইন পেরিয়েছে ব্রিয়ানা!
‘ভবিষ্যৎ বোল্ট’ উপাধি তো তার পাওয়ারই কথা। ডেইলি মেইল।