কী থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইজিং যদি নান্দনিক হয়, আর লন্ডন যদি হয় চোখ-ধাঁধানো, তাহলে রিও কেমন হবে? আগামীকাল বাংলাদেশ সময় ভোরেই সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তবে এখন পর্যন্ত যে প্রস্তুতি, সেটা অন্তত জমকালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না।

চাইলেও আয়োজকদের জাঁকালো কিছু আয়োজন করা একটু কঠিনই। স্মরণকালের সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার ভেতর দিয়ে যাচ্ছে ব্রাজিল। লন্ডনে যেমন শিল্পনির্দেশক ছিলেন স্লামডগ মিলিয়নিয়ার খ্যাত ড্যানি বয়েল, এবার সেই দায়িত্ব সিটি অব গড-এরপরিচালক ফার্নান্দো মেইরেলেসের ওপর। তিনি যে জানিয়েছেন, লন্ডনের তুলনায় রিওর বাজেট কিছুই নয়!

তারপরও আয়োজকেরা মারাকানার ৭০ হাজার দর্শককে দারুণ কিছু দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু ৭০ হাজার বললে আসলে ভুল হবে, টিভি পর্দার সামনে প্রায় ৩০০ কোটি লোক নিশ্চয়ই অনেক দিন মনে রাখার মতো কিছু দেখার আশায় বসে থাকবে। রুদ্ধদ্বার মহড়ার জন্য অনুষ্ঠানের অনেক কিছুই অবশ্য রহস্যের চাদরে মোড়া।

তবে সবকিছু তো আর গোপন রাখা যায় না। উদ্বোধনী অনুষ্ঠানে যেমন সুপারমডেল জিসেল বুন্দশেন ও ফ্যাশন আইকন লিয়া টি কিছু একটা করবেন, সেটা জানা গেছে। ব্রাজিলের দুই জনপ্রিয় সংগীতশিল্পী কায়েতানো ভেলোসো ও গিলবার্তো গিলেরও গান গাইবার কথা। গান গাইবার কথা ব্রাজিলের ফুটবল কিংবদন্তি গারিঞ্চার সাবেক স্ত্রী ৭৯ বছর বয়সী এলজা সোরেসের।

তবে চূড়ান্ত মশাল প্রজ্বালন করবেন কে, সেটা নিয়েই এখন ধোঁয়াশা। পৃষ্ঠপোষকদের সঙ্গে চুক্তির জটিলতা কাটিয়ে উঠতে পারলে পেলেই কাজটা করতে পারেন। তবে ব্রাজিল কিংবদন্তি জানিয়েছেন, আইওসির সভাপতি টমাস বাখ তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।

কিন্তু পেলে না হলে সেই সৌভাগ্য শেষ পর্যন্ত কার হবে? ব্রাজিলের ম্যারাথনার ভ্যান্ডারলি ডি লিমার নামটাই শোনা যাচ্ছে বেশি। যুক্তরাষ্ট্রে অলিম্পিক সম্প্রচারের দায়িত্ব যাদের, সেই এনবিসিও সে রকম ইঙ্গিত দিচ্ছে। ২০০৪ এথেন্স অলিম্পিকে সোনাই জিততে যাচ্ছিলেন ডি লিমা। কিন্তু একজন দর্শক হঠাৎ করেই তাঁকে টেনে ধরায় ডি লিমাকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান এর মধ্যেই রং হারানোর শঙ্কায় রয়েছে। ইসিনবায়েভার মতো রাশিয়ার ৬৮ জন অ্যাথলেট তো নেই-ই, থাকছেন না বিশ্বনেতাদের অনেকেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও আসছেন না। ব্রাজিলের পত্রিকা এস্তাদো দে সাও পাওলো জানাচ্ছে, এ বছর রাষ্ট্রপ্রধানদের উপস্থিত থাকার হার গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন।

এই মুহূর্তে অভিশংসনের প্রক্রিয়া চলছে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিশেল তেমারেরই তাই গেমসের আনুষ্ঠানিক শুরুটা করার কথা।

শুরুর আগেই যত বিপত্তি, অনুষ্ঠানটা এখন ভালোয় ভালোয় শেষ হলে হয়! এএফপি।