কে ছড়াবেন সাতের সৌরভ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো ও গ্রিজমান
রোনালদো ও গ্রিজমান

দুজনের জার্সি নম্বরই ৭। ইউরোতে নিজ নিজ দেশের হয়ে সবচেয়ে বেশি উজ্জ্বলও তাঁরা দুজনই। আপাতত ক্রিস্টিয়ানো রোনালদো ও আঁতোয়ান গ্রিজমানের মিল এখানেই শেষ হয়ে যাচ্ছে। রোনালদো যখন একের পর এক সিঁড়ি টপকে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়, গ্রিজমানের যাত্রা মাত্র শুরু। আজকের দিনটা নিজের করে নিতে পারলে অবশ্য এক লাফেই গ্রিজমান পেরিয়ে যাবেন অনেকটা পথ।
ফ্রেঞ্চ ডিফেন্ডার বাকারি সানিয়া সেই অপেক্ষা করতে রাজি নন। এখনই তিনি গ্রিজমানকে অনেক উঁচু বেদিতে বসিয়ে দিচ্ছেন, ‘আঁতোয়ানকে আমি মেসি, রোনালদোর সঙ্গে একই পর্যায়ে রাখব।’ ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশমও বলে দিচ্ছেন, ‘এই ইউরোতে গ্রিজমানই আমাদের হয়ে ব্যবধান গড়ে দিচ্ছে। সে গোল করতে পারে, গোল করাতেও পারে, দারুণ একজন খেলোয়াড়।’
এখন পর্যন্ত টুর্নামেন্টে ৬ গোল করে ‘গোল্ডেন বুট’ গ্রিজমান প্রায় পায়ে গলিয়েই ফেলেছেন। রোনালদোর গোল তিনটি কম, তবে দলের জন্য অবদানে খুব পিছিয়ে নেই। তবে রোনালদোর কাছ থেকে সেটি প্রত্যাশিতই, গ্রিজমানের কাছ থেকে সম্ভবত অতটা নয়। এই ফ্রান্সকে ইউরো শুরুর আগে ‘পগবাদের প্রজন্ম’ বলা হচ্ছিল। এখন সেটি হয়ে যাচ্ছে ‘গ্রিজমানের প্রজন্ম’। ১৯৮৪ ইউরোতে ৯ গোল করেছিলেন মিশেল প্লাতিনি। এর পর ফ্রান্সের পক্ষে প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোর এক আসরে ৬ গোল—গ্রিজমানই তো ফরাসি নন্দনকাননের সবচেয়ে সুরভিত ফুল!
অথচ এখন যে গ্রিজমান ফ্রান্সের নয়নের মণি, সেই ফ্রান্সই একটা সময় অবজ্ঞাভরে উপেক্ষা করেছিল তাঁকে। কৈশোরে আলো ছড়ানোর পরও কোনো ফ্রেঞ্চ ক্লাব দলে নিতে আগ্রহ দেখায়নি গ্রিজমানকে। অজুহাত? শারীরিকভাবে শক্তসমর্থ নন। মনে কিছুটা দুঃখ নিয়েই তাই ফ্রান্স থেকে স্পেনে পাড়ি জমিয়েছেন গ্রিজমান। রিয়াল সোসিয়েদাদ হয়ে এখন অ্যাটলেটিকো মাদ্রিদে—গ্রিজমান যতটা না ফ্রান্সের, তার চেয়েও যেন বেশি স্পেনের। সানিয়াই মনে করিয়ে দিলেন, ‘ফ্রেঞ্চ একাডেমিগুলো ওর সঙ্গে যা করেছে, তাতে এটা একরকম প্রতিশোধই। এই সবকিছুই ওর প্রাপ্য।’

কী অদ্ভুত, ১২ বছর আগে গ্রিজমান যখন দেশে উপেক্ষার বেদনায় নীল, রোনালদো ফাইনালের স্বপ্নভঙ্গের বেদনায় কাতর। ২০০৪ ইউরোতে দেশের মাটিতে ফাইনালে উঠেও জিততে পারেনি পর্তুগাল। ১৯ বছর বয়সী রোনালদো ওই ফাইনাল শেষে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন। আরেকটি ফাইনালে নামছেন যেন সেই দুঃখ ঘোচাতেই, ‘২০০৪ ইউরো ছিল আমার কাছে স্পেশাল। আমার বয়স ছিল ১৯, সেটা ছিল আমার প্রথম বড় টুর্নামেন্ট। আবারও একটি ফাইনালে উঠেছি আমরা। ফ্রান্স অবশ্যই ফেবারিট, তবে শিরোপা জিতব আমরাই।’

গ্রিজমান এই ইউরোর সর্বোচ্চ গোলদাতা আর রোনালদোর ইউরোর ইতিহাসেই সবচেয়ে বেশি গোল। রেকর্ডটিতে অবশ্য মিশেল প্লাতিনিরও অংশীদারি আছে, যেটিকে শুধুই নিজের করে নিতে আজ একটি গোলই যথেষ্ট। রোনালদোর জন্য এমনিতেই প্রেরণার অভাব নেই, যোগ হচ্ছে এটিও।

সপ্তাহ ছয়েক আগে আরেকটি ফাইনালের স্মৃতিও কি ফিরে আসছে দুজনের মনে? মিলানে দুই মাদ্রিদের সেই চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পেনাল্টির ‘লক্ষ্মী’ হাতে পেয়েও পায়ে ঠেলেছেন গ্রিজমান, আর রোনালদো টাইব্রেকারের শেষ শটে গোল করে জিতিয়েছেন রিয়াল মাদ্রিদকে। গ্রিজমানের জন্য কি তাহলে এটি হিসাব চুকানোর ম্যাচ? বলতেই পারেন! এএফপি, রয়টার্স, মেইল অনলাইন।