কেউ শোনে না ট্র্যাকের কান্না

কুমড়ো ফুলে ভরে গেছে গাছ। কৃষকের উঠোনে বা মাচায় নয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামের উত্তর-পূর্ব দিকের গ্যালারির সামনে গেলেই গাছটি নজরে পড়বে। বঙ্গবন্ধুর মুরালের সামনের ফাঁকা জায়গায় গজিয়ে ওঠা আগাছার ভেতরে মাথা তুলে আছে ওই কুমড়োগাছটি। একটু পাশেই বৈদ্যুতিক ট্রান্সমিটার। এর পেছনে আবর্জনার স্তূপ। পচা ঘাস বৃষ্টির পানিতে ভিজে ফুলে উঠেছে। পাশে অযত্নে-অবহেলায় পড়ে আছে ভাঙা দুটি চেয়ার। অবহেলা আর আঘাতে জর্জরিত স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকও।
এই ট্র্যাক সর্বশেষ আঘাতটা পেয়েছে ৪ জুলাই। ওই দিন প্রিমিয়ার ফুটবল লিগ নিয়ে নির্মীয়মাণ বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের সময় ছিঁড়ে যায় লেনের মাঝখানের একটি অংশ। এতেই যেন বেরিয়ে পড়ে ট্র্যাক রক্ষণাবেক্ষণের নগ্ন বাস্তবতা। ১০ কোটি টাকা ব্যয়ে ২০০৬ সালে বসানো এই ট্র্যাকের জীবনীশক্তি শেষের পথে।
কাল বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক ঘুরে গুনে দেখা গেল ছোট-বড় মিলিয়ে গর্ত আছে ৫৭টি। এর মধ্যে ২০০ মিটার স্প্রিন্টের ৩ নম্বর লেনের মাঝ বরাবর দুই জায়গায় গর্ত। ৪ ও ৫ নম্বর লেনের পেছনের দিকের টার্ফ ত্রিভুজাকৃতির মতো ছেঁড়া। মোহামেডান গ্যালারির দিকের গোলপোস্টের পেছনে ১৭টি ছোট-বড় গর্ত। ১০০ মিটার স্প্রিন্টের ৪ নম্বর লেনের মাঝামাঝি জায়গায় একটি গর্ত। ৮ নম্বর লেনে ঘাস গজিয়েছে। ৬ ও ৭ নম্বর লেনের সামনের অংশে ছেঁড়া। ট্র্যাকের গর্তে কাদা, শেওলা, পাখির পালক, কাচের টুকরো ভর্তি। কোথাও ঘাস জন্মেছে।
বৈদ্যুতিক ট্রান্সমিটারের পাশের জায়গা দেখলে ভাগাড় বলেই মনে হবে। বেড়ে ওঠা জঙ্গলে বাসা বেঁধেছে বড় কালো পিঁপড়া। দৌড়ের শুরুতে পিঁপড়া পায়ে কামড় দিলে ডিসকোয়ালিফাইড অবধারিত! বঙ্গবন্ধুর মুরালের নিচের অংশের টার্ফ ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মীরা পুড়িয়ে দিয়েছিল। জায়গাটা এখনো ন্যাড়া।
১১০ মিটার হার্ডলসের গর্তের পাশের টার্ফ ছিঁড়ে গেছে। গর্তের মধ্যে পচা পানিতে আইসক্রিমের কাঠি, চিপসের ছেঁড়া প্যাকেট, ফুটবল রেফারির ভ্যানিশিং স্প্রের খালি বোতল ও কাঠের টুকরো ভাসছে। গোলপোস্টের পেছনের ট্র্যাকের ওপর মাটির ছোট বস্তা। বস্তা ফেটে মাটি ছড়িয়ে পড়েছে।
একটি টার্ফ সর্বোচ্চ আট বছর ভালোভাবে ব্যবহার করা যায়। সেই হিসাবে দুই বছর আগেই এটি জীবনীশক্তি হারিয়ে ফেলেছে। কিন্তু এখানে তো অ্যাথলেটিকসের কার্যক্রম সেভাবে চলে না! তারপরও এটি জরাজীর্ণ হয়ে পড়ার কারণ, অ্যাথলেটিকসের বাইরের নানা কার্যক্রমে অতিব্যবহার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া বললেন, ‘অতিরিক্ত ব্যবহারের ফলে এই স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেছে।’
ভারী বৃষ্টিতে ট্র্যাকের ছোটখাটো গর্তে প্রায়ই পানি জমে। এসব উপেক্ষা করেই দৌড়াতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন দেশের সেরা নারী অ্যাথলেট নাজমুন নাহার বিউটি। ট্র্যাকের এমন দুরবস্থা দেখে কষ্ট লাগে বিউটির, ‘যাঁরা ট্র্যাকের তদারকি করেন তাঁরা আসলে রক্ষণাবেক্ষণের ব্যাপারে খুব বেশি যত্নবান না। আমরা শুধুই অসহায়ের মতো দেখি। ভয় লাগে কখন চোটে পড়ি।’
ফেডারেশন কর্মকর্তারা যে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ নিয়ে উদাসীন থাকেন এর বড় প্রমাণ পাওয়া গেছে ৪ জুলাই সর্বশেষ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটিতেই। ট্র্যাকের একটা অংশ যে ছিঁড়েখুঁড়ে গেছে তা তাঁরা জেনেছেন কদিন পর। তবে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস দাবি করলেন বড় কোনো কনসার্ট আয়োজনের সময় ট্র্যাকের আসল মালিক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফেডারেশনকে জানায় না। ক্ষোভের সঙ্গে বললেন, ‘যখনই শুনেছি মাঠে কনসার্ট হবে, সবার আগে আমিই প্রতিবাদ জানাই। এরপরও কখনো এটি বন্ধ করা যায়, কখনো যায় না। এমন ক্ষতবিক্ষত ট্র্যাকে আগামী নভেম্বরে জাতীয় অ্যাথলেটিকস করা যাবে কি না, তা নিয়ে আমি সন্দিহান।’ তবে এনএসসি অ্যাথলেটিকস ট্র্যাক সংস্কারের চিন্তা করছে। এনএসসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নারায়ণচন্দ্র দেবনাথ জানালেন, ‘আমরা ট্র্যাকের বর্তমান দুরবস্থার কথা জানি। দ্রুততম সময়ের মধ্যেই এর সংস্কারকাজ শুরু হবে।’