কেভিন ওয়েনসকে ‘শত্রুর ঘরে’ যেতে দিল না ডব্লিউডব্লিউই

তিন বছরের জন্য ডব্লিউডব্লিউইর সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ওয়েনসছবি : ডব্লিউডব্লিউই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক মাস আগে নিজের টুইটার হ্যান্ডলে কিছু পরিবর্তন এনেছিলেন কেভিন স্টিন। রেসলিং–ভক্তদের কাছে কেভিন ওয়েনস হিসেবেই যিনি বেশি পরিচিত।


বিশ্বের জনপ্রিয়তম পেশাদার রেসলিং কোম্পানি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টে (ডব্লিউডব্লিউই) খেলা এই রেসলার টুইটার হ্যান্ডলে নিজের ঠিকানা দেওয়ার জায়গায় লিখেছিলেন ‘অলমোস্ট দেয়ার (প্রায় পৌঁছে গেছি)’। কিন্তু কোথায় পৌঁছে গেছেন ওয়েনস? পেশাদার রেসলিং–ভক্তদের মনে এই প্রশ্ন উঠলেও উত্তর জানতে বেশি বেগ পেতে হয়নি সেবার। আর সেই সম্ভাব্য উত্তরে ডব্লিউডব্লিউইয়ের ভক্তরা একরকম আঁতকেই উঠেছিলেন বলা যায়!

একই সময়ে একটা ধোঁয়াশায় ভরা টুইটও করেছিলেন এই রেসলিং তারকা। সেই টুইটেও ওয়েনসের ডব্লিউডব্লিউই ছাড়ার সুস্পষ্ট ইঙ্গিত ছিল।


ডব্লিউডব্লিউই ছেড়ে তাদের নতুন প্রতিদ্বন্দ্বী অল এলিট রেসলিংয়ে (এইডব্লিউ) ওয়েনস নাম লেখাবেন—এমন গুঞ্জনের শুরু ওয়েনসের ওই টুইট আর ঠিকানা দেওয়া থেকেই। গত দুই বছরে ড্যানিয়েল ব্রায়ান (ব্রায়ান ড্যানিয়েলসন) থেকে শুরু করে সিএম পাঙ্ক (ফিলিপ জ্যাক ব্রুকস), জন মক্সলি/ডিন অ্যামব্রোস (জোনাথন গুড), ক্রিস জেরিকো (ক্রিস ইরভাইন), ক্রিস্টিয়ান কেইজ (জে রেসো), বিগ শো (পল ওয়াইট), অ্যাডাম কোলসহ (অস্টিন জেনকিনস) আরও অনেক রেসলার ডব্লিউডব্লিউই থেকে নাম লিখিয়েছেন এইডব্লিউতে। সে তুলনায় অল এলিট রেসলিং ছেড়ে ডব্লিউডব্লিউইতে কেউই যাননি।

নির্ভরযোগ্য রেসলিং সাংবাদিকেরা জানিয়েছিলেন, ডব্লিউডব্লিউইয়ের প্রধান ভিনসেন্ট কেনেডি ম্যাকম্যাহান অনেক চেষ্টা করেও ব্রায়ান, কোলদের এইডব্লিউর আকর্ষণ থেকে বাঁচাতে পারেননি।


এই অবস্থায় ওয়েনসও চলে গেলে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে বেশ ভালোই ধাক্কা খেত যুগ যুগ ধরে রেসলিং জগতের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানটি। সেটা হতে দিল না ডব্লিউডব্লিউই। নির্ভরযোগ্য রেসলিংবিষয়ক ওয়েবসাইট ফাইটফুল জানিয়েছে, তিন বছরের জন্য ডব্লিউডব্লিউই’র সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ওয়েনস। একই খবর দিয়েছেন আরেক নির্ভরযোগ্য সাংবাদিক ডেভিড মেলৎজারও। মেলৎজার আরও জানিয়েছেন, প্রতিবছর প্রায় ৩০ লাখ ডলার করে কামাবেন ওয়েনস। অন্য রেসলারদের বেতনের সঙ্গে ওয়েনসের বেতন বাড়ার বিষয়টি পর্যালোচনা করে মেলৎজার জানিয়েছেন, এইডব্লিউর হাত থেকে ওয়েনসকে কেড়ে নেওয়ার জন্য আকাশচুম্বী বেতনই প্রস্তাব করেছে ডব্লিউডব্লিউই।

২০১৪ সালে ডব্লিউডব্লিউইতে যোগ দেন ওয়েনস
ছবি : ডব্লিউডব্লিউই

ওয়েনস নিজেই চুক্তির ব্যাপারে খোলাসা করেছেন টিভিএ স্পোর্টসের কাছে। এক সাক্ষাৎকারে ওয়েনস জানিয়েছেন, ‘আমি চুক্তি নিয়ে বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকুই বলব, আমার চুক্তি এখনো ৩১ জানুয়ারিতেই শেষ হচ্ছে, তবে ২০২২ সালে নয় এই যা। আরও কয়েক বছর আমি ডব্লিউডব্লিউইতে থাকছি। সিদ্ধান্তটা নেওয়া আমার জন্য সহজ ছিল, কারণ আমার পরিবারের জন্য এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল।’

২০১৪ সালে ডব্লিউডব্লিউইতে যোগ দেন ওয়েনস। ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ, এনএক্সটি চ্যাম্পিয়নশিপ জিতেছেন ওয়েনস।