প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও অলিম্পিক ইরানকে প্রথম সোনা এনে দিয়েছেন কিয়ানোশ রোস্তামি। ভেঙেছেন নিজের গড়া বিশ্ব রেকর্ড। ভারোত্তোলনে ৮৫ কেজি ওজন শ্রেণিতে ৩৯৬ কেজি তুলেছেন। ২০১২ লন্ডন অলিম্পিকে জেতা ব্রোঞ্জটিকে রোস্তামি এবার সোনায় পরিণত করলেন কোনো কোচের অধীনে প্রশিক্ষণ না নিয়েই!
রোস্তামি নিজেই যে নিজের প্রশিক্ষক, তা আর না বললেও চলছে। বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতে সবাইকে তা মনেও করিয়ে দিয়েছেন, ‘ইরানে অনেক ভালো ভালো কোচ আছে। কিন্তু আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চেয়েছি।’
অলিম্পিকের মঞ্চে কোচ ছাড়া যাওয়ার ঝুঁকি না নিতে অনেকে সাবধান করেছিলেন। কিন্তু রোস্তামি সেদিকে কান দেননি। পেছনে তাকিয়ে বলছেন, ‘কেউ ভাবেনি অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় কোচ ছাড়া যাওয়া যায়! কিন্তু আমি তো এসেছি। বিশ্ব রেকর্ড গড়ে সোনাও জিতলাম।’ রয়টার্স।