ক্যাম্পবেল বোনদের জয়যাত্রা

সাঁতার শিখেছেন লেক মালাবিতে। দক্ষিণ-পূর্ব আফ্রিকার হ্রদটিতে কুমির আর জলহস্তীরও অবাধ বিচরণ। বুনো প্রকৃতির কাছ থেকে শেখা বলেই হয়তো সুইমিংপুলের নীল জলে ঝড় তোলাটা খুব কঠিন নয় অস্ট্রেলিয়ান দুই বোন ব্রন্টে ও কেট ক্যাম্পবেলের জন্য। রাশিয়ার কাজানে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ফ্রি স্টাইলে সোনা ও ব্রোঞ্জ জিতে দুই ক্যাম্পবেল বোন অনন্য এক দৃষ্টান্তই গড়লেন পরিবারের জন্য।
জন্ম আফ্রিকার দেশ মালাবিতে। ছোটবেলাতেই বাবা-মার সঙ্গে চলে আসেন অস্ট্রেলিয়ায়। ভাগ্যিস এসেছিলেন! নইলে এমন অসাধারণ মুহূর্তের সাক্ষী কী করে হতো অস্ট্রেলীয়রা? বিজয়ের মঞ্চটা বোনের সঙ্গে ভাগাভাগি করতে পেরে ভীষণ আনন্দিত ছোট বোন ব্রন্টে, ‘ব্যাপারটা অসাধারণ। আমি আর আমার বড় বোন মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সংগীতে গলা মেলাচ্ছিলাম একই সঙ্গে। অনুভূতিটা ওর সঙ্গে ভাগাভাগি করাটা ছিল স্বপ্নের মতো।’ নিজে জিতেছেন সোনা। ফিনিশিং লাইন ছুঁয়ে দেখলেন বোনের নামটাও জ্বলজ্বল করছে স্কোরবোর্ডে, ব্রন্টে ক্যাম্পবেলের আনন্দ যেন বাধা মানছিল না, ‘আমার পরে ওর নাম দেখে বিশ্বাসই হচ্ছিল না আমার। তারপর আমি সময়টাও দেখে নিলাম। এর চেয়ে খুশি বোধ হয় হতে পারতাম না।’
বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ এবারই প্রথম একসঙ্গে বিজয়মঞ্চে পেল দুই বোনকে। অবশ্য অস্ট্রেলিয়ার হয়ে এবারের ১০০ মিটার রিলেতেও সোনা জিতেছেন ক্যাম্পবেল বোনেরা। বড় বোন কেট তাঁদের অর্জনটাকে দেখছেন অস্ট্রেলিয়ার বিজয়, ‘ক্যাম্পবেল পরিবারের জন্য এটা একটা অসাধারণ রাত। অসাধারণ রাত অস্ট্রেলিয়ার জন্য।’ দুই বছর আগে কেট এই ১০০ মিটার ফ্রি স্টাইলেই সোনা জিতেছিলেন বার্সেলোনায়। এবার সোনার পদকটা বোনের গলায় উঠতে দেখে কেট আরও গর্বিত, ‘মঞ্চে উঠে জাতীয় সংগীত গাইতে পেরে আমি গর্বিত। আরও বেশি গর্বিত আমার ছোট বোনের সাফল্যে।’
খেলার মাঠে ভাইবোনদের প্রতিদ্বন্দ্বিতা বিরল নয়। টেনিসে তো ভেনাস ও সেরেনা উইলিয়ামসের দ্বৈরথ কিংবদন্তিতুল্য। আবার ইউক্রেনের দুই বক্সার ভাই ভ্লাদিমির ও ভিতালি ক্লিচকো কখনো নিজেদের মধ্যে লড়তে চান না। এদিক থেকে ক্যাম্পবেল বোনেরা উইলিয়ামসদের দলে। ‘আমরা কখনোই নিজেদের মধ্যে লড়ব না এমনটা বলিনি। বরং ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি একসঙ্গে লড়ার’—দুই বোনের হয়ে বলেছেন ব্রন্টে। নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাই নাকি তাঁদের পথচলার প্রেরণা, ‘একই রেসে লড়তে আমরা পছন্দ করি। এটাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।’ এএফপি, সিডনি মর্নিং হেরাল্ড।