ক্রীড়া দিবসে মাবিয়াদের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা থেকে কাল রাতে রওনা দিয়ে আজ ভোরে ঢাকা পৌঁছেছেন শাকিল আহমেদ। গত বছর ভারতের গুয়াহাটিতে এসএ গেমসে সোনাজয়ী শুটারের চোখে-মুখে ছিল ভীষণ উচ্ছ্বাস। উচ্ছ্বসিত ছিলেন এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও সাঁতারু মাহফুজা খাতুন শিলাও। আজ সাত সকালেই সবাই উপস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দেশের অন্যান্য ফেডারেশনের খেলোয়াড়দের সঙ্গে এই তিনজন অংশ নিলেন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের র‌্যালিতে। 

ফ্ল্যাট ভাড়ার চেক হাতে সাঁতারু মাহফুজা খাতুন শিলা, শুটার শাকিল আহমেদ ও ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত (বাঁ থেকে)। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ছবি: প্রথম আলো
ফ্ল্যাট ভাড়ার চেক হাতে সাঁতারু মাহফুজা খাতুন শিলা, শুটার শাকিল আহমেদ ও ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত (বাঁ থেকে)। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ছবি: প্রথম আলো

আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। প্রথমবারের মতো ক্রীড়া দিবস পালন করছে জাতীয় ক্রীড়া পরিষদ। এ উপলক্ষে আজ বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বর থেকে সকাল সাতটায় বের হয়েছিল বর্ণাঢ্য র‌্যালি। ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ফুটবলার মামুনুল ইসলাম, তিরন্দাজ হীরামনিদের ছবি ও প্ল্যাকার্ড নিয়ে র‌্যালিতে এসেছিলেন খেলোয়াড়েরা। নানা রঙের ঘুড়ি ও ফেস্টুন নিয়ে উৎসবে মেতেছিলেন খেলোয়াড় ও কর্মকর্তারা। ব্যান্ড পার্টির তালে তালে আনন্দ নৃত্যও করেছে অনেকে। জাঁকজমকপূর্ণ র‌্যালিটি জিরো পয়েন্ট, সচিবালয়, প্রেসক্লাব, পল্টন ঘুরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে শেষ হয়। এই র‌্যালি শেষে শিলা, মাবিয়া ও শাকিলের হাতে অর্থ পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
গত এসএ গেমসে সোনা জয়ের পর সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছিল এই তিন খেলোয়াড়কে ফ্ল্যাট উপহার দেওয়া হবে। এখনো তাঁরা ফ্ল্যাট পাননি। তবে এখন যে ফ্ল্যাটে থাকছেন সেটার ভাড়া ঠিকই দিয়ে যাচ্ছে সরকার। সেই টাকাগুলো আজ তুলে দেওয়া হলো এই খেলোয়াড়দের হাতে। প্রতিশ্রুত টাকা পেয়ে খুব উচ্ছ্বসিত মাবিয়া, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে। কয়েক দিন পর আমরা তিনজন ইসলামিক গেমস খেলতে আজারবাইজানে যাব। যদি সেখানে ভালো কিছু করতে পারি তাহলে নিশ্চয়ই এর চেয়েও বেশি পুরস্কার পাব।’