ক্রীড়া বাজেটে থাকছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামও
কাল জাতীয় সংসদে নতুন অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ক্রীড়াঙ্গনের বাজেটে প্রতিবছর অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণেই বেশির ভাগ অর্থ বরাদ্দ হয়। এবারও এর ব্যতিক্রম হবে না বলেই জানা গেছে। এবার ক্রীড়াঙ্গনের বাজেটে তেমন কোনো চমক না থাকলেও শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পের আওতায় সারা দেশে উপজেলা পর্যায়ে ১৮৬টি মিনি স্টেডিয়াম নির্মাণের বরাদ্দ দেওয়া হবে। তবে এ বরাদ্দ দেওয়া হবে ধাপে ধাপে।
করোনার নেতিবাচক প্রভাব সারা বিশ্বের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও পড়েছে। এবারের বাজেটে তাই অনেক কিছুই কাটছাঁট করতে হচ্ছে। কোথাও কোথাও বরাদ্দ কমবে। তবে গতবার করোনাভাইরাসের দুঃসময়ে ক্রীড়া বাজেট কমার আশঙ্কার মধ্যেও সংশোধিত বাজেটে ২২ কোটি ৩৭ লাখ ১৬ হাজার টাকা বেশি পেয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কাটছাঁটের পরও এবার ক্রীড়াঙ্গনে বাজেট বাড়ছে বলেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসানের আশা। প্রথম আলোকে আজ তিনি বলেছেন, ‘সব মন্ত্রণালয়েই বাজেট কাটছাঁট হয়েছে। তবে আমরা আশা করছি, গতবারের বরাদ্দটা ধরে রেখে এবার ক্রীড়ার বাজেট কিছুটা হলেও বাড়বে।’
গত অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট ছিল ১ হাজার ২৪০ কোটি টাকা। এবার ঠিক কত টাকা বাড়বে, তা দেখতে জাহিদ আহসান অপেক্ষো করতে চান অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা পর্যন্ত। তবে তাঁর ধারণা, বাড়ার অঙ্কটা ৫০ কোটি টাকার বেশি হতে পারে। টাকার অঙ্ক যা–ই হোক না কেন, ক্রীড়া ফেডারেশনগুলোর বাৎসরিক অনুদান ও প্রশিক্ষণ বরাদ্দ বৃদ্ধিসহ খেলোয়াড়দের মানোন্নয়নেই সরকারের উদ্যোগ বেশি চান ক্রীড়াঙ্গনের মানুষেরা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এর সঙ্গে একমত হলেও মনে করিয়ে দিয়েছেন করোনাকালের বাস্তবতা, ‘আমাদের তো অনেক খেলাই এখন বন্ধ। খেলাধুলা আয়োজন করতে না পারলে বরাদ্দ দিয়ে কী লাভ! শুধু শুধু টাকা ফেরত যাবে। তারপরও চেষ্টা করেছি বাড়াতে।’
দেশের ৫৩টি ক্রীড়া ফেডারেশন ও সংস্থার জন্য সরকারি বরাদ্দ বরাবরই অপ্রতুল। কোনো কোনো ফেডারেশন তো সরকারের কাছ থেকে বছরে ১০-১৫ লাখ টাকার বেশি পায় না। ফেডারেশনগুলোর বরাদ্দ বাড়ানো প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কথা, ‘শুধু ক্রীড়া ফেডারেশন নয়, খেলাধুলার উন্নয়নে সংশ্লিষ্ট আরও কয়েকটি খাতে বরাদ্দ বাড়ানোর সবুজসংকেত মিলেছে। আমি আশাবাদী, বর্তমান সময়ে অল্প হলেও আমাদের বাজেট বাড়বে।’ তিনি বলেন, ‘সব খাতেই কমবেশি বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছি। ক্রীড়ার ক্ষেত্রে আমরা বাজেট না কমানোর অনুরোধ করেছিলাম অর্থ মন্ত্রণালয়কে। তারা আমাদের অনুরোধে সাড়া দিয়েছে।’
জেলার খেলাধুলার উন্নয়নে জেলা ক্রীড়া সংস্থার বরাদ্দ বাড়ানোর কথাও জানিয়েছেন মন্ত্রী। উপজেলা পর্যায়ে খেলাধুলায় কার্যক্রম বাড়ানোর দিকে নজর দিয়ে বরাদ্দ বাড়ছে সেখানেও। এ ছাড়া প্রশিক্ষণ খাতের বরাদ্দ গতবারের ৩০ কোটি টাকা থেকে কিছু বাড়ছে জানিয়ে জাহিদ আহসান বলেছেন, ‘আমরা প্রশিক্ষণ খাতের ওপর জোর দিয়েছি। এই খাতে টাকা বাড়বে।’ মন্ত্রণালয় যেসব টুর্নামেন্ট আয়োজন করে, সেগুলোর বরাদ্দ কমতে পারে। তবে ফেডারেশনগুলোর টুর্নামেন্ট আয়োজনের বরাদ্দ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের বরাদ্দ বাড়বে বলে মন্ত্রীর আশা।
গত বাজেটের আগের বাজেটে বাফুফে ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ পেয়েছিল। পরের বছর ২০ কোটির বদলে ১০ কোটি টাকা দিয়ে সরকার বাফুফেকে এ অর্থ খরচ না করে স্থায়ী আমানত হিসেবে রাখতে বলেছিল। এবারের বাজেটে বাফুফের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার সম্ভবনা কম বলেই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘বাফুফে প্রথমবারের ২০ কোটি টাকা যেভাবে খরচ করেছে, তাতে অর্থ মন্ত্রণালয় সন্তুষ্ট হয়নি। বাফুফে এবার সরকারের কাছে ৫০ কোটি টাকা চাইলেও তাই কোনো বরাদ্দ পাওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) রফিকুল ইসলামের মতে, নতুন ক্রীড়া বাজেটে বড় কোনো চমক নেই। নিয়মিত খাতগুলোয় বরাদ্দ কিছু এদিক–ওদিক হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গনের জন্য গতানুগতিক বাজেটই হচ্ছে। শেখ রাসেল মিনি স্টেডিয়াম ছাড়া বৈপ্লবিক কিছু নেই এই বাজেটে।’