খাবিব-ম্যাকগ্রেগর হয়ে রিংয়ে দ্বন্দ্ব মেটালেন ব্রাজিলের দুই রাজনীতিবিদ
খেলাধুলার মঞ্চ রাজনীতির জায়গা নয়। তবে খেলাধুলার মঞ্চেও কখনো কখনো রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা যায়। ব্রাজিলের আমাজনাস রাজ্যের শহর বোরবার মেয়র সিমাই পেইহতোর কাণ্ড দেখলে তা–ই মনে হবে।
সংবাদ সংস্থা এএফপির ভাষায়, রাজনৈতিক মেরুকরণকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন এই মেয়র। এক সাবেক কাউন্সিলরের কাছে থেকে অপমানসূচক কিছু কথা শুনেছিলেন সিমাই পেইহতো। আর যায় কোথায়!
সেই সাবেক কাউন্সিলরের বিপক্ষে খাঁচার মধ্যে মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) লড়াই করেছেন পেইহতো। যদিও মেয়রের অফিস থেকে বলা হয়, দাতব্য কাজের তহবিল সংগ্রহের জন্যই লড়েছেন তিনি।
কিন্তু ব্রাজিলে ফোর্তাজেল্লার সংবাদমাধ্যম দিয়ারিও দো নর্দেস্তে জানিয়েছে অন্য খবর। তাদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, সাবেক কাউন্সিলর এরিনেউ দা সিলভা মেয়রের কাজকর্মে অসন্তুষ্ট।
কিছুদিন আগে এক ভিডিওবার্তায় লিরা নদীর তীরের ব্যবস্থাপনা নিয়ে মেয়রকে ধুয়ে দেন সিলভা। পেইহতোকে ‘মারার’ হুমকিও দেন তিনি। এরপরই সিলভাকে খাঁচার মধ্যে এমএমএ লড়াইয়ের চ্যালেঞ্জ জানান পেইহতো।
বোরবা শহরের স্পোর্টস সেন্টারে তিন রাউন্ডের লড়াইয়ে অংশ নেন এ দুই রাজনৈতিক ব্যক্তিত্ব। ম্যাচটি অনুষ্ঠিত হয় স্থানীয় সময় গত রোববার সকালের দিকে। তুমুল উত্তেজিত দর্শকদের সামনে লড়াইয়ে অংশ নেন পেইহতো ও সিলভা।
পেইহতো এমএমএ খেলার ভক্ত। বিভিন্ন রাজনৈতিক মঞ্চে তাঁকে মাঝেমধ্যেই গ্লাভস হাতে দেখা যায়। মেয়রের অফিস থেকে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, এমএমএ ম্যাচের রিংয়ে ঢোকার পর সিলভার প্রতি গলাকাটাসূচক ইঙ্গিত করেন পেইহতো। ম্যাচ শুরুর পর কেউ-ই বেশিক্ষণ টিকতে পারেননি।
দুজনেই একে-অপরকে আঘাত করে ম্যাটে ফেলে দেন। তবে বিচারকদের চোখে শেষ পর্যন্ত পেইহতোই জয়ী। ম্যাচ শেষে দুজন অবশ্য শত্রুতা ভুলে করমর্দনও করেছেন।
এই ম্যাচ দেখতে দর্শকদের কাছ থেকে কোনো টাকাপয়সা নেওয়া হয়নি। তিন কেজি করে খাবারের বিনিময়ে দুই রাজনীতিবিদের লড়াই দেখার অনুমতি দেওয়া হয়।
সব মিলিয়ে এই ম্যাচ থেকে পাঁচ টন খাবার সংগ্রহ করা হয়েছে। পেইহতোর ব্যক্তিগত সচিব বলেছেন, এই দুই রাজনীতিবিদ আসলে ‘বন্ধুর মতো’।
তবে আমাজনাস রাজ্যের স্বাস্থ্য বিভাগ পেইহতো ও সিলভার লড়াইয়ে খুশি হতে পারেনি। করোনাভাইরাস মহামারি এখনো কাটেনি। এর মধ্যে বদ্ধ মিলনায়তনের মধ্যে মাস্ক ছাড়াই দর্শকদের ঢুকতে দেওয়ার ব্যাখ্যা চেয়েছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ।