খুশি নন বোল্ট, তবু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ সালের বিজয়ের এই মুহূর্তটাই এখন হতাশার নাম হয়ে গেল জ্যামাইকার কাছে। ফাইল ছবি
২০০৮ সালের বিজয়ের এই মুহূর্তটাই এখন হতাশার নাম হয়ে গেল জ্যামাইকার কাছে। ফাইল ছবি

একটি অলিম্পিক পদকের জন্য খেটে খুটে মরেন সবাই, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেন। অথচ উসাইন বোল্টকে কি-না অর্জিত একটি অলিম্পিক সোনা হাতছাড়া করতে হলো শুক্রবার। সতীর্থ নেস্তা কার্টারের ডোপ পাপে বেইজিংয়ে জেতা ১০০ মিটার রিলের পদক ফেরত দিতে হয়েছে। এ ঘটনায় দুঃখ পেলেও সেটা মেনে নিয়েছেন বোল্ট, বলছেন জীবন তো এমনই!

লন্ডন অলিম্পিকে প্রথম কোনো স্প্রিন্টার হিসেবে ১০০ ও ২০০ মিটারের ডাবল জিতেছিলেন। সেটাকেই রিও অলিম্পিকে করে ফেললেন ‘ট্রিপল-ট্রিপল’। টানা তিন অলিম্পিকে ১০০, ২০০ ও রিলের সোনা জেতার অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন বোল্ট। কিন্তু শুক্রবার একটি কমে তা হয়ে গেল ৮টি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০০৮ সালে জেতা পদকটি ফিরিয়ে নিয়েছে পরশু। পদক হারানোর ব্যাপারটিকেও সত্যিকারের এক চ্যাম্পিয়নের মতো মেনে নিয়েছেন বোল্ট, ‘পরিস্থিতি নিয়ে আমি খুশি নই, কিন্তু নিয়ম তো নিয়মই। এটা কঠিন, একটা পদক ফিরিয়ে দিতে হচ্ছে আমাকে। আমি এরই মধ্যে সেটা ফিরিয়েও দিয়েছি কারণ, আইওসির সেটা প্রয়োজন। আমি খুশি নই কিন্তু জীবনে এমন ঘটতেই পারে। এ ঘটনায় এ মৌসুমে আমার একাগ্রতা নষ্ট হতে দেব না।’
ক্যারিয়ারে যা অর্জন করেছেন তাতেই তৃপ্তি খুঁজে নিচ্ছেন অনেকের মতেই সর্বকালের সেরা অলিম্পিয়ান, ‘আমার ধারণা যা অর্জন করেছি সেটাই যথেষ্ট। পুরো ক্যারিয়ারে যা করেছি, সেটা এ ঘটনায় বদলে যাবে না। আমি কঠিন পরিশ্রম করেছি, এমন কিছু করেছি যা আগে কেউ কখনো করেনি। আমি ১০০ ও ২০০ মিটারে তিনটি সোনা জিতেছি।’
সমৃদ্ধ ক্যারিয়ারের ইতি টানবেন খুব শিগগিরই। এ বছরই লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপে শেষবারের মতো ট্র্যাকে নামবেন। সেটা জিতেই মাথা উঁচু করে বিদায় নিতে চান ‘বজ্র বিদ্যুৎ’, ‘আপনি আর কী করতে পারেন? আমি যা করতে চেয়েছি সেটাই করেছি। এ খেলাতে প্রভাব ফেলতে পেরেছি, অনেক কিছুই অর্জন করেছি। তাই অভিযোগ করার কিছু নেই। এটাই আমার শেষ মৌসুম, জয় দিয়েই শেষ টানতে চাই।’ সূত্র: এএফপি, রয়টার্স।