খেলার পাশাপাশি আম্পায়ারিং করবেন সাজেদুল
গত মার্চেও জাতীয় ক্রিকেট লিগে খেলেছেন সাজেদুল ইসলাম। জাতীয় দলের সাবেক পেসার খেলেছেন ২০১৯ সালের ঢাকা প্রিমিয়ার লিগেও। খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগেই ৩৩ বছর বয়সী সাজেদুল যোগ দিয়েছেন আম্পায়ারিংয়ে।
আজ আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছে বাংলাদেশের হয়ে তিনটি টেস্ট ও একটি টি–টোয়েন্টি খেলা এই বাঁহাতি পেসারের। বিকেএসপিতে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে সিলেট–বরিশাল ম্যাচে আম্পায়ার ছিলেন সাজেদুল।
বাংলাদেশের দ্বিতীয় টেস্ট খেলোয়াড় হিসেবে আম্পায়ারিং পেশায় এলেন সাজেদুল, প্রথমজন সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হক।
২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশ দলে খেলা সাজেদুল একই সঙ্গে খেলা ও আম্পায়ারিং চালিয়ে যেতে চান আরও কিছুদিন।
আজ প্রথম আলোকে তিনি বলেছেন, ‘আমি যেহেতু নতুন, শুরুতে খুব বেশি ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ পাব না। তাই খেলাও চালিয়ে যেতে চাই। এই অক্টোবরের জাতীয় লিগেই খেলব। তবে ভবিষ্যতে আম্পায়ারিংয়ে আমার ক্যারিয়ার গড়ার ইচ্ছা।’