গরিব কসোভোর গর্ব কেলমেন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিন্দা কেলমেন্দি
মালিন্দা কেলমেন্দি

মেয়েদের ৫২ কেজি জুডোর ফাইনালে জয়ের পরই হাঁটু গেড়ে বসে পড়লেন মাটিতে। চোখ বেয়ে পানি ঝরছে টপ টপ করে। মালিন্দা কেলমেন্দির এ কান্না আনন্দের! কান্নাভেজা চোখেই ছুটে গেলেন গ্যালারির একটা অংশে, যেখানে গুটি কয়েক সমর্থক গলা ফাটিয়ে চিৎকার করছিলেন—‘কসোভো’, ‘কসোভো’! কাউকে জড়িয়ে ধরলেন, কারও সঙ্গে গলা মেলালেন। কেলমেন্দির কান্না সংক্রামক হয়ে ছড়িয়ে পড়ল তাঁদের মাঝেও। এ কান্না গর্বেরও! কসোভোর ইতিহাসে প্রথম অলিম্পিক সোনা জয়ের গর্ব।
সার্বিয়া থেকে কসোভো স্বাধীন হয়েছে ২০০৮ সালে। তবে অলিম্পিকে সুযোগ পেল এবারই প্রথম। ২০১২ লন্ডন অলিম্পিকে কসোভো অংশ নেওয়ার অনুমতি পায়নি। কেলমেন্দি তাই অংশ নিয়েছিলেন তাঁর পৈতৃক দেশ ও কসোভোর প্রতিবেশী আলবেনিয়ার হয়ে। তবে কোনো পদক জিততে পারেননি। বছর দুয়েক আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কসোভোকে স্বীকৃতি দেওয়ার পরই রিও অলিম্পিক নিয়ে স্বপ্ন ডানা মেলতে শুরু করে কেলমেন্দির। কী দারুণভাবেই না সেই স্বপ্ন সত্যি করলেন ২৫ বছর বয়সী জুডোকা।
ফাইনালের পর গায়ে দেশের পতাকা জড়িয়ে সংবাদমাধ্যমের সামনে এসে কেলমেন্দি ভেসে গেলেন উচ্ছ্বাসে, ‘আমি সব সময় বিশ্বকে দেখাতে চেয়েছি, কসোভো শুধু একটি যুদ্ধবিধ্বস্ত দেশই নয়, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি। আমাদের দেশে এখনো অনেক শিশু আছে যারা জানে না তাদের মা-বাবা বেঁচে আছে কি না। তাদের খাবার নেই, পড়ার বই নেই। অলিম্পিকে একটি সোনা আমাদের সবার কাছে তাই বিশাল ব্যাপার।’

এখন পর্যন্ত বিশ্বের শ খানেক দেশ কসোভোকে স্বীকৃতি দিয়েছে। অলিম্পিকের এই অর্জন দরিদ্র কসোভোকে দেশ হিসেবে বিশ্বমানচিত্রে আরও পরিচিত করে তুলবে বলেই বিশ্বাস কেলমেন্দির, ‘এই পদকের মূল্য অনেক। শুধু কসোভোর খেলার জন্যই নয়, দেশ হিসেবে কসোভোর জন্যও এটা গুরুত্বপূর্ণ।’

এখন পর্যন্ত আইওসির সদস্যসংখ্যা ২০৬। এর মধ্যে কসোভো হচ্ছে সোনাজয়ী ১০০তম সদস্য, যেকোনো ধরনের পদকজয়ী ১৪৮তম সদস্য। দুর্দান্ত এই অর্জনের পর কেলমেন্দি কৃতজ্ঞতা জানিয়েছেন আইওসি সভাপতি টমাস বাখকেও, ‘আমি পোডিয়ামে দাঁড়ানোর পর অনেক কথাই মনে হচ্ছিল। টমাস বাখের কথাও মনে পড়ল। এক বছর আগে তিনি কসোভোতে এসেছিলেন এবং বলেছিলেন, “আমি তোমাদের সমর্থন জানাতে এসেছি। আমি তোমাদের রিও অলিম্পিকে দেখতে চাই।” আজও তিনি আমাকে পদক পরিয়ে দেওয়ার সময় বললেন, “মনে আছে তোমাকে কী বলেছিলাম? আজ তোমাদের স্বপ্ন সত্যি হয়েছে।” আমি তাঁর কথা শুনে কেঁদে ফেললাম।’ এএফপি।