গল্প ফাঁদার জের টানছেন লোক্টি

নিজেরা অপকর্ম করেছেন, পরে সেটা থেকে বাঁচতে ছিনতাইয়ের গল্প ফেঁদেছেন। রায়ান লোক্টিসহ যুক্তরাষ্ট্রের চার সাঁতারুকে নিয়ে কয়েক দিন ধরেই তোলপাড় ক্রীড়া বিশ্বে। এই কেলেঙ্কারির মূল খলনায়ক লোক্টি অবশ্য পরে ক্ষমাও চেয়েছেন। কিন্তু তাতেই সব শেষ হয়ে যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি এরই মধ্যে ঘোষণা দিয়েছে রিও অলিম্পিকে ঘটানো এই কেলেঙ্কারির জন্য লোক্টির বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তার আগেই গত পরশু চারটি বড় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান লোক্টির সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে।
ঘটনাটি গত রোববার অলিম্পিক চলাকালে। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টসের এক সাংবাদিক দাবি করেন, তিনি রায়ান লোক্টির মায়ের কাছ থেকে জানতে পেরেছেন, একটা নৈশ পার্টি থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন লোক্টি। সঙ্গে ছিলেন তাঁর তিন সতীর্থ জ্যাক কঙ্গার, গুনার বেঞ্জ ও জেমস ফেইগেন। ঘটনার সত্যতা স্বীকার করে শোরগোল ফেলে দেন লোক্টি।
এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। পুলিশের কাছে দেওয়া চারজনের বক্তব্যে ধরা পড়ে অসংগতি। লোক্টি একজন ছিনতাইকারীর কথা বললেও ফেইগেন জানান ছিনতাইকারী ছিল কয়েকজন। পরে সিসিটিভি ফুটেজ দেখায়, কথিত ছিনতাইয়ের পর চারজন হাসতে হাসতে অলিম্পিক ভিলেজে ঢুকছেন। মুঠোফোন-মানিব্যাগ ছাড়া বাকি সব ছিনতাইকারীরা নিয়ে গেছে দাবি করলেও তাঁদের কাছে সবকিছুই ছিল।
অলিম্পিকের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক চারজনের পাসপোর্ট জব্দ করে আটক করার নির্দেশ দেন। কিন্তু লোক্টি ততক্ষণে উড়ে চলে গেছেন যুক্তরাষ্ট্রে। বিমানে ওঠার ঠিক আগমুহূর্তে আটক করা হয় কঙ্গার ও বেঞ্জকে। ফেইগেন রিওতেই ছিলেন। ওই তিনজনকেও জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ। তিনজনই স্বীকার করেন, নৈশ পার্টি থেকে ফেরার পথে একটা গ্যাস স্টেশনে গাড়ি থামিয়েছিলেন। মাতাল অবস্থায় বাথরুম ভাঙচুর করলে সেখানকার নিরাপত্তাকর্মীরা চারজনকে পুলিশে দেওয়ার চেষ্টা করেছিলেন। তখন নিরাপত্তাকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় চার সাঁতারুর। ৫০ ডলার জরিমানা দিয়ে তবেই তাঁদের ফিরতে হয় ভিলেজে। নিজেদের এই অপকর্ম ঢাকতেই ওই মিথ্যা গল্প ফাঁদেন তাঁরা।
লোক্টিদের এই মিথ্যাচারের জন্য যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি (ইউএসওসি) ক্ষমা চায় রিওর আয়োজক কমিটি ও ব্রাজিলিয়ানদের কাছে। ঘোষণা দেয়, এই ঘটনার তদন্ত করে তারা ব্যবস্থা নেবে চারজনের বিরুদ্ধে। ইউএসওসির এক মুখপাত্র জানিয়েছেন, এ ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞার মতো শাস্তিও দেওয়া হতে পারে।
সেই তদন্তের ফল জানার আগেই অবশ্য ভোগান্তি শুরু হয়ে গেছে অলিম্পিকে ৬টি সোনাসহ মোট ১২টি পদক জেতা লোক্টির। এরই মধ্যে সরে গেছে তাঁর চারটি প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্পিডো, রালফ লরেন, এয়ারওয়েইভ ও সিনেরন ক্যানডেলা। লোক্টির সঙ্গে আর সম্পর্ক না রাখার কথা জানিয়ে দিয়েছে ওই চার প্রতিষ্ঠান।
লোক্টি অবশ্য বলেছেন, তিনি পৃষ্ঠপোষকদের এই সিদ্ধান্তকে সম্মান করছেন। আবারও সবার কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘আমি অপরিণত মানুষের মতো আচরণ করেছি এবং একটা হাস্যকর ভুল করেছি। এই ভুল থেকে শিক্ষাও পেয়েছি। ওরা (রিও অলিম্পিকের আয়োজকেরা) দুর্দান্ত একটা অলিম্পিক উপহার দিয়েছে। আমার অপরিণত এবং মাতাল আচরণ ওদের লজ্জায় ফেলেছে।’ এএফপি, রয়টার্স।