গল্প ফেঁদে নিষিদ্ধ

গল্প ফেঁদে নিজের দোষ ঢাকতে চেয়েছিলেন। কিন্তু নাটক ধরা পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত শাস্তিই পেতে হচ্ছে রায়ান লোক্টিকে। রিও অলিম্পিকে কল্পিত ছিনতাইয়ের গল্প বানানোর দায়ে ১০ মাসের জন্য নিষিদ্ধ হচ্ছেন যুক্তরাষ্ট্রের সাঁতার তারকা। তাঁর অন্য তিন সতীর্থও নিষিদ্ধ হচ্ছেন চার মাসের জন্য।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দায়িত্বশীল কর্মকর্তার সূত্রে আগেই জানিয়েছিল, ২০১৭ সালের মাঝামাঝি পর্যন্ত নিষিদ্ধ হতে যাচ্ছেন লোক্টি। অংশ নিতে পারবেন না বুদাপেস্টে আগামী বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি ও সাঁতার ফেডারেশন গতকাল যৌথ বিবৃতিতে নিষেধাজ্ঞার ব্যাপারটি নিশ্চিত করেছে, ‘এই অ্যাথলেটদের আচরণ মোটেই গ্রহণযোগ্য ছিল না। এই ঘটনায় রিও অলিম্পিকের স্বাগতিকদের দুর্নাম হয়েছে, আর টিম ইউএসএর দুর্দান্ত অর্জন থেকেও চোখ সরিয়ে নিয়েছে।’
মাইকেল ফেল্প্সের পর ছেলেদের সাঁতারে দ্বিতীয় সর্বোচ্চ ১২টি অলিম্পিক পদকজয়ী লোক্টি রিও অলিম্পিকে শুধু একটি পদকই জিতেছেন, ২০০ মিটার রিলেতে। এর বাইরে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে অংশ নিয়ে হয়েছিলেন পঞ্চম। তবু বানোয়াট এই গল্পের কারণে রিও অলিম্পিকের অন্যতম আলোচিত চরিত্র ৩২ বছর বয়সী আমেরিকান সাঁতারু।
১৪ আগস্ট অলিম্পিক চলার সময়ই লোক্টির অভিযোগ ছিল, তিনি ও তাঁর তিন সতীর্থ কয়েকজন বন্দুকধারীর কাছে ছিনতাইয়ের শিকার হয়েছেন। পরের দিন যুক্তরাষ্ট্রের এক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে দাবি করে বসেন, বন্দুকধারীদের শার্টে পুলিশের ব্যাজও ছিল। কিন্তু পরে ব্রাজিল পুলিশের তদন্তে জানা যায়, রিওর একটি গ্যাসস্টেশনে নিজেদের অপকর্ম ঢাকতেই ওই মিথ্যা গল্প ফেঁদেছেন লোক্টিরা। পার্টি থেকে ফেরার পথে এক গ্যাসস্টেশনে মদ্যপ অবস্থায় গাড়ি থামিয়ে চারজন মিলে বাথরুম ভাঙচুর করেন। পরে সেখানকার দুই নিরাপত্তাকর্মী লোক্টিদের পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত ৫০ ডলার জরিমানা দিয়ে রিওর গেমস ভিলেজে ফেরেন যুক্তরাষ্ট্রের চার সাঁতারু।
সত্যি ঘটনা প্রকাশ পাওয়ার পর অবশ্য ক্ষমা চেয়েছিলেন লোক্টি। কিন্তু তাতেও এড়াতে পারলেন না নিষেধাজ্ঞা। এএফপি।