

শ্যুটিংয়ের আকাশে একসময় অনেক তারা ছিল। এখন তা মেঘের আড়ালে ঢাকা পড়েছে। শ্যুটিং এখন সোনার হাসিতে ভরাতে পারছে কালেভদ্রে। নানা সংকটে এই খেলার চলার পথ অনেকটাই কণ্টকাকীর্ণ।
বড় তিনটি সমস্যার কথা প্রথমেই বলে ফেলি—গুলি নেই, কোচের তীব্র অভাব, আর্থিক সংকট। এরই পার্শ্বপ্রতিক্রিয়ায় রীতিমতো হাঁসফাঁস অবস্থা আন্তর্জাতিক অঙ্গনে অনেক সাফল্য এনে দেওয়া এই খেলার।
গুলির অভাব বড় ক্ষতিই ডেকে আনছে। এলসি খুলেও গুলি আনা যাচ্ছে না। ওদিকে ভান্ডার প্রায় শূন্য। বিদেশিরা নাকি বলে বাংলাদেশ ‘লাদেন গ্রুপ’, আমাদের কাছে গুলি বিক্রি করবে না। ভারত, সিঙ্গাপুর বা অন্য কোনো দেশের মাধ্যমে কিনতে হবে। সে-ও অনেক লম্বা প্রক্রিয়া।
আমার ক্লাব চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব ১০ হাজার গুলি চেয়ে হয়তো পেল এক হাজার। ওটা দিয়ে কী হয়! ফেডারেশনের কাছে পর্যাপ্ত গুলি না থাকায় তারাই বা কোত্থেকে দেবে?
অনুশীলনও তাই সীমিত হয়ে পড়েছে। শেখানোর লোকেরও আকাল। সাবেকদের দু-একজন হয়তো ফেডারেশনের সঙ্গে যুক্ত, বাকিরা অবজ্ঞার শিকার হয়ে দূরে। বিদেশি কোচের সম্মানী হয়তো মাসে ৩ হাজার ডলার বা তারও বেশি। স্থানীয়দের জন্য সর্বোচ্চ ৩০-৪০ হাজার টাকা। এত কম সম্মানী নিরুৎসাহিত করবে যে কাউকেই।
নিরুৎসাহী হতে হয় আসলে পদে পদেই। বেশ কয়েক বছর আগে একটা স্লোগান চালু হয়েছিল ফেডারেশনে, ‘সিনিয়র হটাও, জুনিয়র আনো’। এই নীতি অনুসরণ করে কাঙ্ক্ষিত ফল আসেনি। জুনিয়রদের সামনে এমন শ্যুটারের খুব অভাব যাঁকে দেখে সে অনুপ্রেরণা পাবে। জনি, ফেরদৌস, রাব্বি, ফৌজিয়া, সাগরের মতো অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছে। অভিজ্ঞ শ্যুটারদের এভাবে দেশ ছেড়ে যাওয়া শ্যুটিংয়ের জন্য ভালো নয় নিশ্চয়ই।
কয়েক বছর আগে আমাকে বলা হয়েছিল, ‘কোচিং করতে তোমার সার্টিফিকেট কই?’ আরে, ৩০ বছর শীর্ষ স্তরে শ্যুটিং করার কোনো দাম নেই? দীর্ঘ এই সময়েও আমার কোনো অভিজ্ঞতা না হলে এত পদক কোথা থেকে আনলাম? আমার মতো এসব প্রশ্ন অনেকেরই। তা ছাড়া বিদেশে একটা কোচিং কোর্স করতে ৩-৪ লাখ টাকা লাগে। কাজের নিশ্চয়তা না থাকায় গাঁটের পয়সা খরচ করে কে ওই পথে যাবে?
এটা তো ক্রিকেট-ফুটবল নয় যে, কোথাও না কোথাও সুযোগ মিলবে। শ্যুটিংয়ের পৃথিবী আগেও ছোট ছিল, এখনো সে রকমই। এটি দর্শকপ্রিয় খেলা নয়, তার ওপর প্রচার-প্রচারণা আগের চেয়ে অনেক কমে গেছে। শ্যুটারদের নিয়ে লেখালেখি এখন খুব কম চোখে পড়ে। আগে অনেক সাংবাদিক আসত গুলশান রেঞ্জে, যেকোনো কারণেই হোক সাম্প্রতিক সময়ে তাঁদের আর দেখি না।
এসব প্রভাব ফেলছে স্পনসর পাওয়ার বেলায়ও। তাই আর্থিক সংকট জেঁকে বসছে। গুলশান রেঞ্জটা বিয়েটিয়ের জন্য ভাড়া দিয়ে কিছু টাকা আসে। কিন্তু তা দিয়ে কি আর এত বড় খেলা চলে! সেই ভাড়া দেওয়া নিয়েও মামলা-মোকদ্দমা। এসবেরই নেতিবাচক ফল খেলোয়াড় কমে যাওয়া।
খেলোয়াড় তৈরিতে ক্লাবের ভূমিকাই সবচেয়ে বড়। সেই ক্লাবগুলোই ধুঁকছে নানা কারণে। ৬৩টি ক্লাবের মধ্যে ৮৫ ভাগই অবকাঠামোহীন। রেঞ্জ আছে চট্টগ্রাম রাইফেল, চট্টগ্রাম মেট্রোপলিটন, আর্মি, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, টাঙ্গাইলসহ আরও দুই-তিনটির। আধুনিকতার ছোঁয়া পাওয়া বিকেএসপি থেকে শ্যুটার কমবেশি আসছে। তবে একটা রাইফেল কিনতে দুই-তিন লাখ টাকা লাগে, একটা জ্যাকেটের দাম ৭০ হাজার থেকে দেড়-দুই লাখ টাকা। শ্যুটিংয়ের যাত্রাপথে এসব বড় বাধাই।
ভারত একসময় আমাদের চেয়ে পিছিয়ে থেকেও এখন বিশ্বমঞ্চে। ভারতীয় শ্যুটাররা বছরে সাত-আটটা আন্তর্জাতিক মিট করে। বিশেষ করে ওয়ার্ল্ড কাপে খেলে বেশি, ওই টুর্নামেন্টে বেশি খেললে তবেই কোটা প্লেসের সম্ভাবনা থাকে। কিন্তু আমরা একটা ওয়ার্ল্ড কাপে দল পাঠাতেই হিমশিম খাই। বেশি বেশি ওয়ার্ল্ড কাপে গেলে তবেই সম্ভাবনার দুয়ার খুলবে বাকি-শারমিনদের সামনে।
ওই দুয়ার প্রথম খুলেছিল ১৯৯০ সালে কমনওয়েলথ গেমসে। আমি আর নিনি ভাই পিস্তল ইভেন্টে সোনা জিতেছিলাম। আন্তর্জাতিক অঙ্গনে দৃপ্ত পায়ে আমাদের পথচলা শুরু তখনই। সেই পিস্তল ইভেন্টটা শেষই প্রায়। পিস্তলে ৫০ মিটার, ২৫ মিটার আপাতত বন্ধ। ১৯৯৩, ’৯৪-এর পর পিস্তলে সর্বশেষ বিদেশি কোচ এসেছিল ২০০৮ সালে। রাইফেলে বিদেশি কোচ নিয়মিত এসেছে বলেই ইভেন্টটায় উন্নতির ছোঁয়া লেগেছে। রিংকি, সাবরিনাদের দেখে অন্যরা উৎসাহ পেয়েছে। সেটিকে এগিয়ে নিতে ফেডারেশন চেষ্টা করছে না বললে অন্যায় হবে। ছোটখাটো ক্যাম্পও হয়েছে। কিন্তু কোনো কিছুরই ধারাবাহিকতা থাকেনি।
খেলোয়াড় ধরে রাখতে স্থায়ী স্পনসর দরকার। কিন্তু এত বছরেও শ্যুটারদের ব্যক্তিগত স্পনসর সেভাবে জোগাড় করা যায়নি। সবকিছু মিলিয়ে এখন প্রযুক্তির অবারিত সুযোগ পাওয়ার পরও সে তুলনায় শ্যুটারদের স্কোর বাড়েনি। বিশেষ করে পিস্তলে। রাইফেলে বাড়লেও একটা জায়গাতেই ঘুরপাক খাচ্ছে।
তবু বলব, আমাদের শ্যুটিং প্রতিভাশূন্য নয়। শিক্ষিত ছেলেমেয়েরা আসছে। কিন্তু ওদের মধ্যে বাণিজ্যিক চিন্তাই যেন বেশি। তাদের কক্ষপথে রাখতে নিনি ভাইকে একবার এনেছিলাম মনস্তাত্ত্বিক ক্লাস করাতে। মজার ব্যাপার, আমাদের চেনেই না নতুনরা। অনেকে জিজ্ঞেস করেছে, ওনারা কারা?
শ্যুটিং নিয়ে প্রচার নেই, এটা তারই প্রমাণ। তার পরও আমি আশায় বুক বাঁধি। গুলি, কোচ, স্পনসর এসব সমস্যা কাটলে শ্যুটিংয়ে আমাদের অনেক দূর যাওয়া সম্ভব।
এখনই যা করতে হবে
১ খুব দ্রুত গুলির সমস্যা সমাধান করতে হবে। গুলি এনে ক্লাবগুলোকে দিলে তবেই গতি পাবে শ্যুটিং।
২ কোচ তৈরি করতে এখনই উদ্যোগ নেওয়া চাই। নইলে খেলাটা শেষই হয়ে যাবে।
৩ দীর্ঘ মেয়াদে পরিকল্পনা নিয়ে ২০২০ অলিম্পিককে লক্ষ্য হিসেবে দাঁড় করানো উচিত। তাহলে ভালো কিছু করা সম্ভব। এ জন্য কার্যকর প্রশিক্ষণ, বিদেশে খেলার সুযোগ দরকার।
৪ প্রচার-প্রচারণা বাড়াতে হবে। সাংবাদিকেরা আসেন না গুলশান রেঞ্জে। তাঁদের আনতে ফেডারেশনের সক্রিয় ভূমিকা দরকার।
৫ রেঞ্জ আধুনিকায়ন করতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে সর্বশেষ প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে।