গেব্রেসেলাসির ইতিহাস
মা-বাবা চেয়েছিলেন, ছেলে শুধু পড়াশোনায় মন দিক। ভালোভাবে লেখাপড়া করে বড় হয়ে উঠুক। কিন্তু গিরমে গেব্রেসেলাসি ‘বড়’ হতে চেয়েছেন মাঠের ট্র্যাকে—‘আমার চাওয়াই ছিল বড় অ্যাথলেট হওয়া।’ তাঁর সেই চাওয়ারই প্রতিফলন দেখল কাল বেইজিংয়ে শুরু হওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। পুরুষদের ম্যারাথন জিতে প্রতিযোগিতার প্রথম সোনা গলায় তো পরলেনই, নিজের নামটিকেও উঠিয়ে নিলেন ইতিহাসে—
* ইরিত্রিয়ার হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম সোনাজয়ী।
* ১৯ বছর বয়সী গেব্রেসেলাসিই এখন টুর্নামেন্টের সোনাজয়ী সর্বকনিষ্ঠ ম্যারাথনার।
গেব্রেসেলাসি সময় নিয়েছেন ২ ঘণ্টা ১২ মিনিট ২৭ সেকেন্ড। ২ ঘণ্টা ১৩ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার ইয়েমেন সেগেই।
২০০৯ বার্লিন চ্যাম্পিয়নশিপের ১০ হাজার মিটারে রুপা জিতে ইরিত্রিয়াকে প্রথম পদক এনে দিয়েছিলেন তাদেসে জারসেনাই। তাঁকে ছাপিয়ে গেলেন ১৯ বছরের গেব্রেসেলাসি। চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে সোনা জিতেছেন ব্রিটেনের মো ফারাহও। ২৭ মিনিট ১.১৩ সেকেন্ড সময় নিয়ে ১০ হাজার মিটারে ধরে রেখেছেন শ্রেষ্ঠত্ব।
১০০ মিটারের হিটে কাল উসাইন বোল্ট সময় নিয়েছেন ৯.৯৬ সেকেন্ড। তুলনায় ভালো টাইমিং এবার ট্র্যাকে বোল্টের সম্ভাব্য মূল প্রতিদ্বন্দ্বী আমেরিকার জাস্টিন গ্যাটলিন (৯.৮৩) ও স্বদেশি জ্যামাইকান আসাফা পাওয়েলের (৯.৯৫)। এএফপি।