গ্যাটলিন কখনো অপরাধ করেননি!

জাস্টিন গ্যাটলিনের গলায় সোনার পদক ঝুলছে। উসাইন বোল্ট হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু বোল্টের গ্যাটলিনকে সম্মান জানানোর দৃশ্য যেন দেখতে চাইলেন না লন্ডন অলিম্পিক স্টেডিয়ামের দর্শকেরা! একজন ডোপপাপীর গলায় সোনার পদক ঝুলছে। তা-ও আবার স্প্রিন্টের রাজার বিদায়ী উৎসব ভন্ডুল করে দিয়ে। এটা মানতে পারেননি তাঁরা। গ্যাটলিনের দিকে ছুটে গেল ‘দুয়োর ঝড়’।
জীবনের শেষ ১০০ মিটার দৌড়ে বোল্ট ব্রোঞ্জ জিতলেও গ্যালারি মুখরিত হয়েছে তাঁর নামেই। আর সবার আগে সমাপ্তিরেখা ছুঁয়ে গ্যাটলিনের উৎসব করার সময় গ্যালারি থেকে ভেসে এসেছে দুয়ো। এমনকি জয়ী হিসেবে যখন তাঁর নাম ঘোষণা করা হলো, তখনো স্টেডিয়ামের চারপাশ থেকে দুয়োধ্বনি! জয় পেয়েছেন, এটাই যেন তাঁর অপরাধ।
গ্যাটলিন কেন এমন ‘নিন্দিত’, সেটা কারও অজানা নয়। ডোপিংয়ের দায়ে দুই দফায় নিষিদ্ধ হয়েছেন। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন। ২০০৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছিলেন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে। কিন্তু এর আগেই ২০০১ সালে একবার ডোপ পরীক্ষায় দোষী প্রমাণিত হয়েছিলেন। তাঁর নমুনায় পাওয়া গিয়েছিল নিষিদ্ধ ‘অ্যামফেটামাইনস’। মনোযোগের অভাবজনিত রোগে ছোটবেলা থেকে ওষুধটি নিতেন—এ রকম ব্যাখ্যা দিয়ে সেবার পার পেয়েছিলেন গ্যাটলিন। ২০০৬ সালে আবার ডোপ পরীক্ষায় দোষী প্রমাণিত হন। আট বছরের নিষেধাজ্ঞা পেলেও আবেদন করে সেটা অর্ধেকে নামিয়ে এনেছিলেন।
২০১০ সালে শাস্তি কাটিয়ে ট্র্যাকে ফেরার পর থেকেই গ্যাটলিনের গায়ে ‘প্রতারক’ তকমা লেগে আছে। কিন্তু গ্যাটলিনের বাবা উইলি গ্যাটলিন মনে করেন, মানুষ তাঁর ছেলেকে ভুল বুঝছে। সবার ভুল ভাঙিয়ে দেওয়ারও চেষ্টা করেছেন তিনি, ‘ও মানসিক দিক থেকে খুব শক্তিশালী। এ ধরনের বিষয় সামলে নিতে পারবে। শুধু এখানেই (ট্র্যাকে) ওকে দুয়ো দেয় মানুষ। যারা ওকে দুয়ো দিচ্ছে তাদের রিপোর্টগুলো পড়া উচিত। সে কখনো অপরাধ করেনি। রিপোর্টে কী লেখা হয়েছে, সেটা তাদের পড়ে দেখা উচিত।’
নিষিদ্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রে পুনর্বাসনপ্রক্রিয়ায় ছিলেন গ্যাটলিন। সমাজসেবামূলক কাজেও অংশ নিয়েছেন। বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিশুদের কাছে জীবনের মূল্যবোধ নিয়ে বক্তৃতা দেন। উইলি গ্যাটলিন মানুষকে মনে করিয়ে দিয়েছেন এই বিষয়গুলোও। রয়টার্স