গ্যাটলিনের জন্য প্রস্তুত বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন গ্যাটলিন , উসাইন বোল্ট
জাস্টিন গ্যাটলিন , উসাইন বোল্ট

সাম্প্রতিক পারফরম্যান্সের রেখাচিত্রটা ঊর্ধ্বমুখী একজনের। অন্যজনের নিম্নমুখী। শুধু এটুকু দেখলে, ২২ আগস্ট বেইজিংয়ে শুরু বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথম জনই এগিয়ে। তিনি যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন।
১০০ মিটারে ২০১৪ সাল থেকেই অজেয় গ্যাটলিন। এ বছরের সেরা চারটি টাইমিংই তাঁর। ২০০ মিটারেও বছরের সেরা দুটি পারফরম্যান্স তাঁর।
কিন্তু সমস্যা হচ্ছে, দ্বিতীয়জনের নামটি শোনার পর বেইজিং চ্যাম্পিয়নশিপের ১০০ ও ২০০ মিটারে ফেবারিট নিয়ে নতুন করে ভাবতে হয়। তখন হয়তো সাম্প্রতিক ফর্মের তোয়াক্কা না করে তাঁর নামটিই বলে বসতে পারেন—উসাইন বোল্ট।
চোট আর অনুশীলন ঘাটতি, দুয়ে মিলে গত বছর এবং এ বছর ট্র্যাকের পারফরম্যান্স খুব ভালো নয়। কিন্তু তাঁর নামটিই যে সামনে নিয়ে আসে ‘ফর্ম ক্ষণস্থায়ী কিন্তু জাত চিরস্থায়ী’ অমর সত্যটাকে। ১০০, ২০০ মিটারে ইতিহাসের সেরা ৯.৫৮ এবং ১৯.১৯ সেকেন্ড টাইমিং যাঁর দখলে, কিছু বলতে গেলেও যে তাঁকে হিসাবে রেখেই বলতে হয়! ডায়মন্ড লিগ অ্যাথলেটিকসের লন্ডন মিটে অংশ নিতে এসে পরশু জানিয়েও দিলেন বেইজিংয়ের ট্র্যাকে গ্যাটলিনের সঙ্গে দৌড়ানোর জন্য তিনি প্রস্তুত।
‘নিজেকে নিয়ে কখনোই সন্দেহ ছিল না আমার।’—লন্ডনে সংবাদমাধ্যমকে বোল্ট বললেন, ‘বেইজিংয়ের দিকে তাকিয়ে আছি আমি। হাতে মাস খানেক সময়। তবে এ নিয়ে মোটেই চিন্তিত নই। আমি ধাপে ধাপে এগোতে চাই।’
সেই ধাপে ধাপে এগোনোর একটা ধাপ যে লন্ডন মিট, বললেন সে কথাও। বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ সামনে রেখে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, শোনালেন সেই গল্পও, ‘আমি কঠোর পরিশ্রম করছি। যেভাবে অনুশীলনে করেছি, সেটা ট্র্যাকে ঠিকঠাকভাবে করতে পারলেই হয়। যদি সবকিছু ঠিকঠাক হয়, জানি অনেক দ্রুত দৌড়াতে পারব।’ আত্মবিশ্বাস পাচ্ছেন তাঁর কোচ গ্লেন মিলসের কাছ থেকেও, ‘কোচ যদি চিন্তিত না হন, আমিও চিন্তিত নই। কারণ, চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে সব সময়ই তিনি আমাকে তৈরি করার পথ বের করেন। তাঁর বিশ্বাস আমি পুরোপুরি প্রস্তুত হতে পারব।’
ডোপ পাপে দুই দফা নিষিদ্ধ হয়েছিলেন গ্যাটলিন। আর বোল্ট তো ডোপের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার। তবে জ্যামাইকান এই স্প্রিন্টারের ক্ষোভটা যত না গ্যাটলিনের ওপর, তাঁর চেয়ে বেশি গ্যাটলিনেরই স্বদেশি, ডোপ পাপে এক বছর নিষিদ্ধ থাকা টাইসন গের ওপর। বোল্টের ভাষায়, ‘একজনকে নিয়েই আমার যত সমস্যা, আর সে হলো টাইসন গে।’ এই ক্ষোভটা যে বিশ্বাস ভঙ্গের কারণে, বললেন সেটাও, ‘বছরের পর বছর ট্র্যাকে তাঁর সঙ্গে দৌড়েছি আমি। তাঁর ওপর অনেক শ্রদ্ধা ছিল আমার। যাঁদের সঙ্গে আমি দৌড়েছি তাঁদের মধ্যে তাঁকেই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতাম। সে কঠোর পরিশ্রমী ছিল, আন্তরিকও ছিল।’
কিন্তু গ্যাটলিনও তো অতীতের ডোপপাপী? ‘সেটা আমার আগের সময়ের’—বোল্টের উত্তর, ‘আমি বলছি না যে, সে যা করেছে তা ঠিক। কিন্তু আমার সঙ্গে গের প্রতিদ্বন্দ্বিতাটা এতই কাছাকাছি ছিল যে তাঁর ব্যাপারটাই আমাকে বেশি মর্মাহত করেছে।’ এএফপি, আইএএএফ।