গ্যাটলিনের শেষ চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন গ্যাটলিন
জাস্টিন গ্যাটলিন

অন্যায় করেছিলেন। সেটির শাস্তিও পেয়েছেন। কিন্তু সেই যে খলনায়ক হয়ে গেলেন, আর কখনো নায়ক হতে পারেননি জাস্টিন গ্যাটলিন। নইলে কি আর এখনো ট্র্যাকে নামলে গ্যালারি থেকে দুয়ো শুনতে হয়! গ্যাটলিনের এই ভাবমূর্তি পুনরুদ্ধারের কাজটা আরও কঠিন হয়ে গেছে উসাইন বোল্টের মতো একজন প্রতিদ্বন্দ্বী থাকায়। আমেরিকান স্প্রিন্টার তবু হাল ছাড়েননি। লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপে শেষবারের মতো চেষ্টা করবেন বোল্টকে হারিয়ে নায়ক হওয়ার।

একে তো সর্বকালের সেরা স্প্রিন্টার, তার ওপর ট্র্যাকের বাইরেও বোল্টের ভাবমূর্তি একেবারে আদর্শ অ্যাথলেটের। ওদিকে ডোপিংয়ের দায়ে দুই দফায় নিষিদ্ধ হয়েছেন গ্যাটলিন। শাস্তি কাটিয়ে ট্র্যাকে ফেরার পর থেকেই তাঁর গায়ে মন্দ লোকের তকমা লেগে গেছে। ট্র্যাকে বোল্ট-গ্যাটলিন দ্বৈরথটা হয়ে গেছে ভালো আর মন্দের প্রতীকী লড়াই। যেখানে বোল্ট ‘ভালো’ মানে শুদ্ধতার প্রতীক, আর গ্যাটলিন ‘মন্দ’, ডোপপাপী।

এই প্রতীকী লড়াইটা সবচেয়ে প্রবল হয়ে উঠেছিল গত বছর রিও অলিম্পিকে। যেখানে যথারীতি ‘ভালো’ বোল্টের জয় হয়েছে, হেরেছেন ‘মন্দ’ গ্যাটলিন। তবে ২০১০ সালে নিষেধাজ্ঞা থেকে ফেরার পর গ্যাটলিনও প্রমাণ করেছেন, তাঁরও মনের জোর কম নয়। প্রত্যাবর্তনের পর তাঁর চেয়ে বেশি ডোপ টেস্ট হয়নি আর কোনো অ্যাথলেটের। এই মানসিক চাপ নিয়েই ২০১২ অলিম্পিকের ১০০ মিটারে ব্রোঞ্জ জিতেছেন। রিওতে রুপা জিতে অলিম্পিকের ১০০ মিটারে সবচেয়ে বেশি বয়সে পদক জেতার রেকর্ডটা কেড়ে নিয়েছেন ১৯৯২ অলিম্পিকে সোনাজয়ী লিনফোর্ড ক্রিস্টির কাছ থেকে। কিন্তু সব ছাপিয়ে এই যে বোল্টের পাশে তাঁর ‘খলনায়ক’ ভাবমূর্তি, এর জন্য কি কখনো বোল্টের ওপর রাগ হয় তাঁর?

রিও অলিম্পিকের পরেই এ নিয়ে কথা বলেছিলেন গ্যাটলিন। যেখানে বোল্টের প্রতি রাগ নয়, বরং শ্রদ্ধাটাই বেশি প্রকাশিত হয়েছিল, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, ও দুর্দান্ত এক অ্যাথলেট। ও আপনাকে বাধ্য করবে নিজের সেরাটা দিতে। উসাইনের জন্য আমার সর্বোচ্চ শ্রদ্ধাই রয়েছে।’

দুজনের মধ্যে কোনো তিক্ততা নেই বলেও দাবি গ্যাটলিনের, ‘ট্র্যাকের বাইরে সে অসাধারণ এক মানুষ, আমাদের মধ্যে কোনো দ্বৈরথ নেই। আমি একজন প্রতিযোগী, সে-ও একজন প্রতিযোগী। ওর কারণেই আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি।’ ইয়াহু স্পোর্টস।