ঘণ্টা না পেরোতেই ভারতকে হারিয়ে আবারও সোনা জয় বাংলাদেশের

রিকার্ভে মেয়েদের দলগত ইভেন্টেও সোনা জিতেছে বাংলাদেশছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানে একের পর এক সুখবর উপহার দিচ্ছে বাংলাদেশ দল। আজ ফুকেটে টুর্নামেন্টের শেষ দিনে একের পর এক সাফল্য উপহার দিচ্ছেন রোমান সানা, দিয়া সিদ্দিকীরা। আজ দিনের শুরুতে রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টে সোনা জেতেন বাংলাদেশের রোমান সানা ও নাসরিন আক্তার জুটি। এর মিনিট দশেকও পেরোতে না পেরোতেই এল রিকার্ভ মেয়েদের দলগত ইভেন্টেও বাংলাদেশের সোনা জয়ের খবর।

এই ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলেছেন দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা। মিশ্র দলগত ইভেন্টের মতো এখানেও ভারতকেই হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকারে বাংলাদেশ ৫-৪ সেট পয়েন্টে ভারতকে হারিয়েছে।

সব মিলিয়ে এই প্রতিযোগিতায় এ পর্যন্ত দুটি সোনার পদক জিতল বাংলাদেশ।

ভারতকে হারিয়ে মিশ্র দলগত ইভেন্টেও সোনা জিতেছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টের সোনার লড়াইয়ে প্রথম সেটে বাংলাদেশে ৪৭-৪৮ পয়েন্টে হেরে যায়। পরের সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ ৫৪-৪৫ পয়েন্টে জেতে। তৃতীয় সেটে বাংলাদেশ জেতে ৬০-৫৬ পয়েন্টে। চতুর্থ সেটে ভারত ৫৬-৫০ পয়েন্টে জিতে ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যায়। এর পর টাইব্রেকারে বাংলাদেশ ২৮-২৭ পয়েন্টে ভারতকে হারিয়ে সোনার পদক নিশ্চিত করে।

এরপর রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ইরানের বিপক্ষে ব্রোঞ্জের লড়াইয়ে খেলবে বাংলাদেশ।

বিকেলে মেয়েদের রিকার্ভ একক ইভেন্টে সোনার লড়াইয়ে মুখোমুখি হবেন দুই বাংলাদেশী আর্চার দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। তার মানে সেখান থেকেও একটা সোনার পদক পাচ্ছে বাংলাদেশ! সব শেষে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের হাকিম আহমেদ ব্রোঞ্জ জয়ের জন্য লড়াই করবেন কাজাখস্থানের আব্দুললিন ইলফাতের বিপক্ষে।