চমকের নাম সিম্বাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাটলিন-পাওয়েল-ডি গ্রাসের মতো তারকাদের হারিয়ে দেওয়ার উচ্ছ্বাস আকানি সিম্বাইনের চোখে-মুখে। পরশু দোহায় l এএফপি
গ্যাটলিন-পাওয়েল-ডি গ্রাসের মতো তারকাদের হারিয়ে দেওয়ার উচ্ছ্বাস আকানি সিম্বাইনের চোখে-মুখে। পরশু দোহায় l এএফপি

রিও অলিম্পিকে রুপাজয়ী জাস্টিন গ্যাটলিন ছিলেন। ছিলেন উসাইন বোল্টের ‘উত্তরসূরি’ আন্দ্রে ডি গ্রাস। সাবেক বিশ্ব রেকর্ডধারী আসাফা পাওয়েলও ছিলেন। ১০০ মিটারের একটা দৌড়ে সবার আগে তো এঁদেরই কারোর থাকার কথা। কিন্তু দোহায় গত পরশু ডায়মন্ড লিগের ১০০ মিটারে সব হিসাব পাল্টে দিলেন অন্য একজন—আকানি সিম্বাইন! আশপাশের ট্র্যাকে থাকা সব তারাকে পেছনে ফেলে আলোটা কেড়ে নিলেন ২৩ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান। প্রথম আফ্রিকান অ্যাথলেট হিসেবেই ডায়মন্ড লিগে ১০০ মিটার জেতার রেকর্ড গড়লেন!
সেকেন্ডের এক শ ভাগের মাত্র তিন ভাগ সময় বেশি নেওয়ায় রিও অলিম্পিকে পোডিয়ামে থাকতে পারেননি সিম্বাইন। তবে এবার মৌসুমের শুরু থেকেই দৌড়াচ্ছেন দুর্দান্ত। পরশুর আগে পাঁচবার ১০ সেকেন্ডের নিচে ১০০ মিটারে দৌড়েছেন। বছরে দ্বিতীয় সর্বোচ্চ টাইমিংও ছিল তাঁর (৯.৯২ সেকেন্ড)।
আর পরশু দেখালেন চমক! ৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে সিম্বাইন হলেন প্রথম। তাঁর পেছনেই ছিলেন পাওয়েল (১০.০৮ সেকেন্ড), তৃতীয় হয়েছেন কাতারের ফেমি ওগুনদে (১০.১৩ সেকেন্ড)। গ্যাটলিন-ডি গ্রাসের জন্য দৌড়টা ভুলে যাওয়ার মতোই ছিল, যথাক্রমে হয়েছেন চতুর্থ ও পঞ্চম।
চমকে দেওয়া এই জয়ের পর সিম্বাইনের অনুভূতি কী? তিনি এটাকে দেখছেন আগস্টে লন্ডনে হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই, ‘মৌসুমের প্রথম দৌড়, সামনে আবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ, সব মিলিয়ে নিজের শারীরিক অবস্থা নিয়ে আমি খুশি। এখানে আসা আর বাকি মৌসুমের জন্য অনুপ্রেরণা নেওয়াই আসলে উদ্দেশ্য ছিল।’ এএফপি।