চলে গেলেন অলিম্পিকের 'সোনার বালিকা'

মেয়েদের ইভেন্টে প্রথমবারের মতো ৪০০ মিটার দৌড় সংযোজিত হয়েছিল ১৯৬৪ সালের টোকিও অলিম্পিকে। সেবার হিটে তেমন ভালো করতে না পারলেও ৪০০ মিটারের ফাইনালে সোনার পদক জিতে ইতিহাস গড়েছিলেন বেটি কাটবার্ট। অস্ট্রেলীয় এই অ্যাথলেটের ইতিহাস গড়ার শুরুটা কিন্তু হয়েছিল তারও আট বছর আগে, ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে।
মেলবোর্নের সেই আসরে মাত্র ১৮ বছর বয়সে ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্টে সোনার পদক জিতেছিলেন কাটবার্ট। অবসর ভেঙে ফিরে এসেছিলেন টোকিও আসরে। সেখানে ৪০০ মিটারে জীবনের শেষ দৌড় জিতে কাটবার্ট যে ইতিহাস গড়েছিলেন, তা অম্লান আজও। অলিম্পিকে পুরুষ ও নারী অ্যাথলেটিকসের ইতিহাসে কাটবার্ট এখনো ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটারে সোনাজয়ী একমাত্র অ্যাথলেট। অস্ট্রেলিয়ার ‘গোল্ডেন গার্ল’ তকমা পাওয়া এ কিংবদন্তি গতকাল পাড়ি জমালেন না-ফেরার দেশে। ১৯৬৯ সালে ধরা পড়েছিল স্কেরোসিস রোগ। প্রায় অর্ধশতাব্দী এই রোগের সঙ্গে লড়ে ৭৯ বছর বয়সে হার মানলেন অলিম্পিকে চারবারের সোনাজয়ী।

মেলবোর্নের সেই আসরে ৪০০ মিটার রিলেজয়ী দলেরও সদস্য ছিলেন কাটবার্ট। সাফল্য-বিচারে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সফল অ্যাথলেট কাটবার্ট। তাঁর দ্বিতীয় স্থানে চলে যাওয়া অবশ্য অনেক পরে। ‘থর্পেডো’-খ্যাত ইয়ান থর্পের আবির্ভূত হওয়ার পর। পাঁচটি সোনা জিতে কাটবার্টকে ছাড়িয়ে গেছেন থর্প। ২০১২ সালে অ্যাথলেটিকসে প্রথম যে কজনকে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) হল অব ফেমে ঠাঁই দেওয়া হয়েছিল, কাটবার্ট তাঁদের একজন।
অস্ট্রেলিয়ার অ্যাথলেটিকস সংস্থা ‘ট্র্যাকের রানি’র মৃত্যুতে শোকার্ত। শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তিনি তাঁর দৃষ্টিতে কাটবার্ট ছিলেন ‘ভেতরে ও বাইরের চ্যাম্পিয়ন’।
১৯৬৯ সালে স্কেরোসিস রোগ ধরা পড়ার পর থেকেই হুইলচেয়ারের জীবন ছিল ট্র্যাক মাতানো কাটবার্টের। শেষ পর্যন্ত সব কষ্টের অবসান হলো তাঁর। সূত্র: রয়টার্স, এএফপি।