চলে গেলেন হকির এক জাদুকর
সাফল্যে ধ্যানচাঁদের সঙ্গে হয়তো তুলনীয় নন, কিন্তু ধ্যানচাঁদের মতো তিনিও ভারতীয় হকির এক বড় বিজ্ঞাপন। আশির দশকে, যখন ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর ভারত যখন ক্রিকেট-উন্মত্ত, তখন হকি মাঠে চলত তাঁর জাদু। অনন্য স্টিকওয়ার্ক আর ড্রিবলিংয়ের সঙ্গে গতির ঝড়ে যিনি মাঠ মাতিয়েছেন, সেই মোহাম্মদ শহীদ আর নেই। যকৃৎ ও কিডনির জটিলতায় গতকাল দিল্লির একটি হাসপাতালে মারা গেছেন ১৯৮০ মস্কো অলিম্পিকের সোনাজয়ী দলের অন্যতম সদস্য। ওটাই ভারতের সর্বশেষ অলিম্পিক সোনা।
১৯৮৫ সালে ঢাকা এশিয়া কাপ যাঁদের মন থেকে এখনো মুছে যায়নি, তাঁদের কাছে শহীদের স্মৃতিটা ধরা আছে আলাদা করেই। জাদুকরি নৈপুণ্য দিয়েই শহীদ সেবার জয় করেছিলেন বাংলাদেশের হকিপ্রেমীদের হৃদয়।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বেনারসের বাসিন্দা শহীদ গত ২৯ জুন ভর্তি হয়েছিলেন হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় গুরগাঁওয়ের একটি হাসপাতালে। বয়স হয়েছিল মাত্রই ৫৬। রেখে গেছেন স্ত্রী পারভীন শহীদ এবং যমজ সন্তান মোহাম্মদ সাইফ ও হিনা শহীদকে।
১৯৭৯ ফ্রান্স বিশ্ব যুব হকি থেকে ১৯ বছর বয়সী এই প্রতিভাকে আবিষ্কার করে ভারত। খুব দ্রুতই নিয়মিত হয়ে যান জাতীয় দলে। ১৯৮১ সালে অর্জুন পুরস্কার পাওয়া শহীদ ১৯৮৫-৮৬ মৌসুমে নেতৃত্ব দেন ভারতীয় হকি দলকে। ১৯৮৬ সালে পান পদ্মশ্রী পুরস্কার।