রিও ডি জেনিরো অলিম্পিকে ৪১৬ অ্যাথলেটের দল পাঠাচ্ছে চীন। দেশের বাইরে কোনো অলিম্পিকে এটাই সবচেয়ে বড় দল চীনের। বড় দল পাঠালেও নিজেদের সেরা সাফল্যের সম্ভাবনা কম। সর্বোচ্চ ৮৯টি পদক পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ১০০টি পদক জিতেছিল স্বাগতিক চীন। ৫১টি সোনা জিতে পদক তালিকার শীর্ষেই ছিল তারা।
টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ভারোত্তোলন, শুটিং, জিমন্যাস্টিকস এবং ডাইভিংয়ে চীনের আধিপত্য অবিসংবাদিত। এসব খেলা থেকেই এবারও বেশির ভাগ পদক আসবে বলে ধারণা। ২০১২ লন্ডন অলিম্পিকে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮টি সোনা জিতেছিল চীন। এবারও কমপক্ষে ৩৮টি সোনার প্রত্যাশা দেশটির। যুক্তরাষ্ট্রের পরই পদক তালিকায় দ্বিতীয় স্থানটি ধরে রাখতে চায় তারা।
এবার অলিম্পিকে সবচেয়ে বড় দলটা যুক্তরাষ্ট্রের, ৫৫৪ জন অ্যাথলেট পাঠাচ্ছে তারা রিওতে। স্বাগতিক ব্রাজিল দলের অ্যাথলেট সংখ্যা ৪৬২। জার্মানির ৪২৫। এএফপি।