
নদীভাঙনে সব হারিয়ে ভোলা থেকে ঢাকায় এসে চোখে সরষে ফুল দেখছিলেন আবদুল মোতালেব। অভাব ছিল নিত্যসঙ্গী। সংসার চালাতে একপর্যায়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে চা বিক্রি শুরু করেন। চায়ের দোকানের ফুট-ফরমায়েশ খাটা কর্মচারী রাখার সামর্থ্য ছিল না মোতালেবের। তাই নিজের মেয়ে স্মৃতি আক্তারকেই সহকারী হিসেবে দোকানে রাখেন। সেই মেয়েই এবার জাতীয় ভারোত্তোলনের ক্লাব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে ৪৪ কেজি ওজন শ্রেণিতে সোনাজয়ী স্মৃতি স্ন্যাচে ৫০ এবং ক্লিন অ্যান্ড জার্কে ৬০ কেজি ওজন তুলেছেন।
স্টেডিয়ামের পাশেই ভারোত্তোলন ফেডারেশনের জিমনেসিয়াম মোল্লা সাবিরা, ফাহিমা আক্তার ময়না, রোকেয়া সুলতানাদের দেখে ভার তুলতে ইচ্ছে হতো। কিন্তু সাহসে কুলাত না। বাবার দোকানে নিয়মিত চা খেতে আসা ভারোত্তোলন কোচ মুজিবুর রহমান স্মৃতির ভারোত্তোলনের আগ্রহ দেখে তাকে অনুশীলন করানোর দায়িত্ব নেন।
ভার তুলেই সেনাবাহিনীর চাকরি পেয়েছেন। টানাটানির সংসারে কিছুটা হলেও অবদান রাখতে পেরে খুশি স্মৃতি, ‘দোকানে যখন চা বিক্রি করতাম, বাবাকে দেখে খুব খারাপ লাগত। ভারোত্তোলনে এসে বৃত্তি পাচ্ছি। সেনাবাহিনী থেকেও আর্থিক সংস্থান হয়েছে। পরিবারের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে।’
অভাবের কারণে বন্ধ হয়ে যাওয়া পড়াশোনা আবারও শুরু করেছেন। আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। স্মৃতি একদিন অলিম্পিকেও ভার তোলার স্বপ্ন দেখেন!
ভারোত্তোলন ফেডারেশনের অফিস সহকারী সোহাগ আলী আরামবাগ ক্লাবের হয়ে সোনা জিতেছেন ৬২ কেজি ওজন শ্রেণিতে। কিশোরগঞ্জের যুবক মাধ্যমিক পরীক্ষার পর লেখাপড়া করতে পারেননি আর্থিক সংকটে। এরপরই চাকরি নেন ফেডারেশনে। কাল পুরুষদের ৫৬ কেজিতে অফিসার্স ক্লাবের রাজ কুমার, ৬২ কেজিতে আনসারের মোস্তাইন বিল্লাহ ও মহিলাদের ৪৮ কেজিতে আনসারের মোল্লা সাবিরা সোনা জিতেছেন।