চির-আড়ালে 'সোনার মেয়ে'

১৯৬৯ সাল থেকে অনেকটাই অন্তরালের মানুষ হয়ে গিয়েছিলেন বেটি কাথবার্ট। অনেক দিন পর সবার চোখের সামনে এসেছিলেন ২০০০ সিডনি অলিম্পিকের উদ্বোধনী দিনে। মশালবাহকদের একজন ছিলেন তিনি। ক্ষণিকের জন্য এলেন, আবার চলে গেলেন অন্তরালে। অস্ট্রেলিয়ার ‘সোনার মেয়ে’ কাল চিরদিনের জন্যই আড়ালে চলে গেলেন ৭৯ বছর বয়সে।
অস্ট্রেলিয়ার ‘সোনার মেয়ে’ নামটি কাথবার্ট পেয়ে গিয়েছিলেন ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে। সেবার ১৮ বছর বয়সেই ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্টের সোনা জিতেছিলেন। ছিলেন রেকর্ড গড়ে ৪X১০০ মিটার রিলের সোনা জেতা অস্ট্রেলিয়া দলেও। যেটি তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে গড়া ১৬টি রেকর্ডের একটিও। ১৯৬০ রোম অলিম্পিকে অবশ্য সোনা ধরে রাখতে পারেননি। দুই বছরের অবসর কাটিয়ে টোকিও ১৯৬৪ অলিম্পিকেও অংশ নেন কাথবার্ট। জেতেন ৪০০ মিটারের সোনা। অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার ইভেন্টটি যুক্ত হয়েছিল সেবারই। যেটি জিতে সেই সময় অলিম্পিকে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সোনাজয়ী অ্যাথলেট হয়ে যান কাথবার্ট। অলিম্পিকে ১০০, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্টজয়ী একমাত্র অ্যাথলেটও কিংবদন্তি এই অস্ট্রেলিয়ান। যে রেকর্ডটিতে এখনো ভাগ বসাতে পারেননি কেউ।
মাল্টিপল স্কেলেরোসিস—১৯৬৯ সালে জটিল এই রোগটা ধরা পড়ে কাথবার্টের। সেই থেকে কাল মৃত্যুর আগে পর্যন্ত হুইলচেয়ারই ছিল চলাফেরার অবলম্বন। সিডনি অলিম্পিকেও হুইলচেয়ারে করেই মশাল বহন করেছেন। ১৯৩৮ সালে এই সিডনিতেই তাঁর জন্ম। নিজের শহরের অলিম্পিকে মশাল বহনের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি বলেই হয়তো এসেছিলেন। সশরীরে আর জনসমক্ষে আসেননি। তবে ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে ইয়ান থর্প আবার মনে করিয়ে দিয়েছিলেন কাথবার্ট নামটি। তাঁকে ছাড়িয়েই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ অলিম্পিক সোনাজয়ী অ্যাথলেট হয়েছেন থর্প (৫টি)।
কাথবার্টের মৃত্যুতে শোকাহত অস্ট্রেলিয়ার পুরো অ্যাথলেটিকস অঙ্গন। কাথবার্টের সতীর্থ এবং ১৯৫৬ অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে ব্রোঞ্জজয়ী মারলিন ম্যাথুস তো বন্ধু হারানোর শোকে কাতর। খুব কাছ থেকে কাথবার্টকে দেখেছেন বলেই হয়তো তাঁর কষ্টটাও বেশি, ‘বেটি অনুপ্রেরণার এক নাম। তার সাফল্যের গল্প আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এ রকম একজনকে কাছ থেকে দেখেছি বলে আমি আনন্দিত। কাথবার্টকে মানুষ ১৯৫৬ সালের “সোনার মেয়ে” হিসেবেই মনে রাখবে।’ রয়টার্স, গার্ডিয়ান