চতুর্থ দিনে এসে সোনার পদকে চীনকে টপকে গেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সোনা আপাতত ৭টি। সমান ৭টি সোনার পদক জিতেছে জাপানও।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সোনা জিতেছে ফেঞ্চিংয়ে একটি, শুটিংয়ে তিনটি, সাঁতারে দুইটি, তায়কোয়ান্দোতে একটি।
ছেলেদের স্কিট শুটিংয়ে সোনা জিতেছেন ভিনসেন্ট হ্যানকক, অ্যাম্বার ইংলিশের মতো তিনিও সোনা জিতেছেন অলিম্পিক রেকর্ড গড়েই।
সব সিরিজ মিলিয়ে মাত্র একটা শটই মিস করেছেন হ্যানকক, তাতে তাঁর স্কোর ৫৯! রূপা জেতার পথে ৫৫ স্কোর করেছেন ডেনমার্কের ইয়েসপার হানসেন, কুয়েতের আবদুল্লাহ আলরাশিদি ৪৬ স্কোর করে জিতেছেন ব্রোঞ্জ।
প্রথম দুই দিনে কোনো সোনা জিততে না পারা যুক্তরাজ্য তৃতীয় দিনের মাঝপথেই তিনটি সোনা পেয়ে যায়। প্রথমে ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতলেন অ্যাডাম পিটি, এরপর সর্বশেষ এক ঘণ্টায়ই দুটি সোনা এসেছে। ১০ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে সোনা জিতল টম ডেলি-ম্যাটি লি জুটি, আর কিছুক্ষণ আগে মাউন্টেন বাইক সাইক্লিংয়ে সোনার পদক গেল টিম প্যাডকের গলায়।
সর্বশেষ চার অলিম্পিক মিলিয়েই অলিম্পিকের এই পর্যায়ে এসে এর চেয়ে ভালো কখনো করতে পারেনি যুক্তরাজ্য। ইংলিশ দৈনিক গার্ডিয়ানের হিসাব, ২০০৮ বেইজিং অলিম্পিকে তৃতীয় দিনের মাঝামাঝিতে গিয়ে দুটি সোনা জিতেছিল যুক্তরাজ্য, ২০১২ লন্ডন অলিম্পিকে একটিও জিতে পারেনি, আর ২০১৬ রিও অলিম্পিকে জিতেছিল ১টি।