চোখ ধাঁধিয়ে দিল আতশবাজির আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারাকানা স্টেডিয়ামে মশাল জ্বালিয়ে রিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্রাজিলের সাবেক ম্যারাথন দৌড়বিদ ও ২০০৪ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভান্ডারলেই ডি লিমা। এই শিখা জ্বলবে ২১ আগস্ট অলিম্পিকের শেষ দিন পর্যন্ত l ছবি: এএফপি
মারাকানা স্টেডিয়ামে মশাল জ্বালিয়ে রিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্রাজিলের সাবেক ম্যারাথন দৌড়বিদ ও ২০০৪ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভান্ডারলেই ডি লিমা। এই শিখা জ্বলবে ২১ আগস্ট অলিম্পিকের শেষ দিন পর্যন্ত l ছবি: এএফপি

অনুশীলন থেকে গেমসপল্লিতে ফিরেই দেখলাম শত শত গাড়ি দাঁড়িয়ে। দারুণ লাগছিল। দ্রুতই তৈরি হয়ে নিলাম। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার তোড়জোড় তখন আমাদের সবার মধ্যেই। অন্য সব দেশের অ্যাথলেটদের মধ্যেও তখন দারুণ উত্তেজনা, সবাই তৈরি হতে ব্যস্ত। পোশাক পরে আমরা বাংলাদেশের অ্যাথলেটরা নিচে নামলাম স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়। গেমসপল্লি থেকে প্রায় এক ঘণ্টা লাগে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে যেতে। গাড়ি থেকে নেমে যখন সার বেঁধে দাঁড়ালাম স্টেডিয়ামে ঢুকতে, দুর্দান্ত লাগছিল চারপাশ।
একটা শিহরণ অনুভব করলাম শরীরে। এই সেই বিখ্যাত মারাকানা স্টেডিয়াম! যেখানে ১৯৫০ সালে বিশ্বকাপ জিততে জিততেও হেরে গিয়েছিল ব্রাজিল। অঘোষিত শিরোপা নির্ধারণী ম্যাচে স্বপ্ন কেড়ে নেয় উরুগুয়ে। ব্রাজিলিয়ানদের কাছে সেই দুঃস্বপ্নের স্মৃতিবিজড়িত মারাকানা আমার কাছে দেখা দিয়েছে সারা জীবন গল্প করার উপলক্ষ হিসেবে। আমি বারবার এদিক-ওদিক তাকালাম। আর ভাবছিলাম, এখানে আসব কখনো ভাবতে পারিনি। অথচ আমি সেই মারাকানায়। শরীরে চিমটি কেটেও বিশ্বাস হচ্ছে না, আমি সত্যিই মারাকানার ঘাসে পা রেখেছি। বিশাল স্টেডিয়ামের হৃৎপিণ্ডে ঢুকে মনে পড়ছিল আমার ছোটবেলার কথা। যখন আমি দুরন্ত কিশোর হয়ে ছুটে বেড়াতাম এদিক-ওদিক।
মার্চ পাস্টে আমরা ছিলাম ১৯ নম্বর দল। স্টেডিয়ামে যখন ঢুকব ঢুকব, ততক্ষণে রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। স্টেডিয়ামভর্তি দর্শক তা উপভোগ করছিলেন। ভেতরে ঢোকার অপেক্ষাটা যেন শেষই হচ্ছিল না। কখন ভেতরে যাব মনের মধ্যে কেবলই আকুলি–বিকুলি। খানিক বাদে ভেতরে গেলাম। আমাদের গর্বের লাল-সবুজ পতাকাটা গলফার সিদ্দিকুর রহমান ভাইয়ের হাতে।
গতবার লন্ডন অলিম্পিকে পতাকা বয়েছিলাম আমি। কিন্তু এবার সিদ্দিক ভাইয়ের হাতেই পতাকাটি সবচেয়ে ভালো মানিয়েছে।

মূল মঞ্চের পেছনে বর্ণিল প্রতিকৃতিগুলোতে ধরা থাকল ব্রাজিলের মানুষের জীবনের নানা দিকের প্রতিবিম্ব l রয়টার্স
মূল মঞ্চের পেছনে বর্ণিল প্রতিকৃতিগুলোতে ধরা থাকল ব্রাজিলের মানুষের জীবনের নানা দিকের প্রতিবিম্ব l রয়টার্স

এই ফাঁকে নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। গত লন্ডন অলিম্পিকে পতাকা হাতে আমাকে টিভি পর্দায় দেখানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখানো হয়। এটা যে কত বড় গর্বের তা বলে বোঝানো সম্ভব নয়। প্রধানমন্ত্রী কোথায় আর আমি কোথায়! কিন্তু গেমসে অ্যাথলেটরা অনেক বড় সম্মান পান, যা কখনো আপনি ভুলতে পারবেন না। সারা বিশ্ব এ দৃশটা খুব মনোযোগ দিয়ে দেখে। এবার সিদ্দিকুর ভাইয়েরও একই অভিজ্ঞতা হয়েছে। আমার এটি দ্বিতীয় অলিম্পিক। বাকি ছয়জনের প্রথম। সিদ্দিকুর ভাইকে আমরা অভিনন্দন জানালাম।
স্টেডিয়ামে মার্চ পাস্ট মানে অনেক রঙের ভিড়ে কিছু সময়ের জন্য হারিয়ে যাওয়া। এখানে নিজেদের সংস্কৃতি তুলে ধরতে চায় দেশগুলো, সেভাবেই পোশাক পরে। এই বহুবর্ণ সংস্কৃতির মধ্যেই আমরা মার্চ পাস্ট করলাম। অন্য দেশের খেলোয়াড়দের সঙ্গে টুকটাক শুভেচ্ছা বিনিময়ও হলো। কিছু ছবিও তুললাম। অন্যরাও তুলল আমাদের সঙ্গে।
সবার সৌভাগ্য হয় না এমন অনুষ্ঠানে থাকার। আমাদের কয়েকজনের হয়েছে। এ জন্যই বারবার বলি, আমরা ভাগ্যবান। মার্চ পাস্টের পর কিছু সময় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি, খুব ভালো লেগেছে। ব্রাজিলের সংস্কৃতি আর ঐতিহ্যের টুকরো টুকরো ছবি সত্যিই মনটা কেড়ে নিল। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে রিওর আয়োজকেরা যেভাবে উদ্বোধনী অনুষ্ঠানকে সবুজাভ একটা রূপ দেওয়ার চেষ্টা করলেন, সেটাও বা ভুলি কী করে। প্রকৃতির জয়গান গেয়েছে রিও। এটা আসলে সময়েরই দাবি। পৃথিবীর উষ্ণতা বাড়ছে, সবুজ হারিয়ে যাচ্ছে। সবুজের অধিকার ভাষা পেল তাই উদ্বোধনী অনুষ্ঠানে। ব্রাজিলের আমাজন বনের কথা বলতেই হয়, সেই বন, সেই সবুজ...উদ্বোধনী অনুষ্ঠানে সবই মাথায় রাখলেন আয়োজকেরা। ইউরোপিয়ানরা ছিল ঔপনিবেশিক শক্তি, কিন্তু তাদের হাতেই আধুনিক ব্রাজিলের গড়ে ওঠার ইতিহাসও তুলে ধরা হয়েছে।
এসব দেখতে খুব ভালো লাগছিল। বক্তৃতা পর্ব মন দিয়ে শুনলাম। সবই অনেক দিন মনে রাখার মতো। সবচেয়ে বেশি ভালো লেগেছে আতশবাজি। একেবারে চোখ ধাঁধিয়ে দিয়েছে। এমনিতে সব গেমসই আতশবাজির আলোয় বর্ণিল হয়ে ওঠে, তবে রিওতে আতশবাজির রোশনাই একটু বেশিই ছিল। শেষ ৩০ সেকেন্ডের কথা আলাদা করেই মনে রাখব। ওই সময়টা মনে হচ্ছিল, গোটা রিওতে বোধ হয় ঝলমলে রোদ উঠেছে! এতটা রঙিন আতশবাজি হবে আমি ভাবতে পারিনি।
গেমসের মশাল জ্বালানোর ক্ষণটাও একটু অন্য রকম লাগল। ভেবেছিলাম ফুটবলসম্রাট পেলেই মশালটা জ্বালাবেন। কিন্তু তা হয়নি। মশাল জ্বালালেন দেশটির ম্যারাথন দৌড়বিদ ভ্যানডারলেই ডি লিমা। ফুটবলসম্রাটকে দেখলে নিশ্চয়ই আরও ভালো লাগত। যা-ই হোক, গেমসপল্লিতে ফিরে আমি ও সিদ্দিক ভাই এ নিয়ে অনেক গল্প করছিলাম। আমরা দুজন আবার রুমমেট। সিদ্দিক ভাই বলছিলেন, উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা হাতে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তাঁরও অনেক ভালো লেগেছে। তবে অলিম্পিক মানে বিশাল এক সমুদ্র, যেখানে প্রতিমুহূর্তেই আপনি পাবেন নতুন অভিজ্ঞতার স্বাদ। সেসব নিয়েও লেখার ইচ্ছে রইল। আপাতত এটুকু বলে শেষ করা যাক, আমার কাছে এই সন্ধ্যাটা হয়ে রইল অনন্য, অসাধারণ।

রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে শেষবারের মতো ক্যাটওয়াক করলেন ব্রাজিলিয়ান সুপারমডেল জিসেলে বুন্ডসেন l রয়টার্স
রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে শেষবারের মতো ক্যাটওয়াক করলেন ব্রাজিলিয়ান সুপারমডেল জিসেলে বুন্ডসেন l রয়টার্স
দেশের পতাকা হাতে ব্রাজিল অলিম্পিক দলের কয়েকজন সদস্য l এএফপি
দেশের পতাকা হাতে ব্রাজিল অলিম্পিক দলের কয়েকজন সদস্য l এএফপি