প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট কাটিয়ে অলিম্পিকে যেতে পারবেন কি না সেটা বছর খানেক আগেও নিশ্চিত ছিলেন না মিরেইয়া বেলমন্তে। থাকবেন কী করে, গত বছরই দুবার কাঁধে চোট পান। ব্যাহত হয় প্রস্তুতি। একটা সময় অলিম্পিকে আসার ব্যাপারেই উৎসাহ হারিয়ে ফেলতে বসেছিলেন। কিন্তু সব বাধা পেরিয়ে রিওতে এলেন। গড়লেন ইতিহাস। প্রথম নারী হিসেবে সাঁতারে সোনা এনে দিলেন স্পেনকে। ২০০ মিটার বাটারফ্লাইয়ে তাঁর সোনা জয় ২ মিনিট ৪.৮৫ সেকেন্ড সময় নিয়ে। প্রথম ১০০ মিটারে পেছনে ছিলেন বেলমন্তে। শেষ ১০০ মিটারে নিজের সেরাটা দিয়েছেন। ফলটা অবিশ্বাস্যই ঠেকছে খোদ বেলমন্তের কাছেই, ‘আমি বিশ্বাস করতে পারছিলাম না, এখনো বিশ্বাস করতে পারছি না।’ শুরুর দিকে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার মেডেলিন গ্রোভেস বেলমন্তের চেয়ে ০.০৩ সেকেন্ড সময় বেশি নিয়ে জিতেছেন রুপা। রয়টার্স।