চোট কেড়ে নিল সুমিতার স্বপ্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেএসপির অ্যাথলেটিকস ট্র্যাকের পাশে শুকনো মুখে বসে ছিলেন সুমিতা রানী দাস। মেয়েদের সবাই যখন ১০০ মিটার হার্ডলসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সুমিতা তখন উদাস চোখে তাকিয়ে ছিলেন অন্যদিকে। ঢাকায় সর্বশেষ এসএ গেমসে অল্পের জন্য সোনা জিততে পারেননি। ১৩.৯৯ সেকেন্ড সময় নিয়ে হার্ডলসে ফটো ফিনিশিংয়ে রুপা জিতেছিলেন। এবারও তাঁকে ঘিরে পদকের স্বপ্ন দেখছিল ফেডারেশন। কিন্তু বিকেএসপিতে কাল এসএ গেমসের চূড়ান্ত ট্রায়ালে নামতেই পারেননি বাংলাদেশ জেলের এই অ্যাথলেট। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় হয়তো এসএ গেমস থেকেই ছিটকে যেতে পারেন সুমিতা।
গত ৫ অক্টোবর বিকেএসপিতে ৪৫ জন অ্যাথলেটকে নিয়ে শুরু হয় এসএ গেমসের আবাসিক ক্যাম্প। এই দলটি ছোট করতে কাল ঢাকা থেকে ফেডারেশনের কর্মকর্তারা ছুটে যান বিকেএসপিতে। অ্যাথলেটদের চূড়ান্ত ট্রায়াল চলে দিনভর। বাছাইপ্রক্রিয়া শেষ। তবে আজ সব অ্যাথলেটের টাইমিং এবং পারফরম্যান্স রেকর্ড নিয়ে স্টিয়ারিং কমিটি একটি সভায় বসবে। সেখানে গত জাতীয় মিটের ফল, গত এসএ গেমসের টাইমিং এবং ভারতীয় অ্যাথলেটদের টাইমিং দেখার পরই চূড়ান্ত দল ঘোষণা করা হবে। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস জানিয়েছেন, ‘শুধু শুধু দল বড় করে লাভ নেই। আমাদের ভালো ফলেরও প্রয়োজন আছে। সব দিক চিন্তাভাবনা করেই একটা ভালো দল গড়ব। সেভাবেই বাকি দিনগুলোতে প্রশিক্ষণ চলবে।’ তবে ৪৫ জন থেকে কমিয়ে চূড়ান্ত দলটি কত সদস্যের হবে সেটি তিনি জানাতে চাননি।