চোখের জলে বিদায়

ধীর পায়ে এগিয়ে ব্যাগটা কাঁধে নিলেন। দর্শকদের দিকে হাত নাড়ার সময়ই ক্যামেরা তাঁর মুখটা ধরল। একি, নোভাক জোকোভিচ কাঁদছেন! চোখের জলেই অলিম্পিকের এককে সোনা জয়ের স্বপ্ন শেষ হলো বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের। চার বছর আগে অলিম্পিকে যাঁর জন্য স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই হুয়ান মার্টিন দেল পোত্রোই আরও একবার জোকোভিচের হন্তারক। রিওতে পরশু টেনিস কোর্টে তারকাদের রাতটাই গেছে খারাপ। দ্বৈতে হেরে গেছেন উইলিয়ামস বোনরা, বিদায় নিয়েছেন মারে ভাইয়েরাও।
অলিম্পিক শুরুর আগেই বলেছিলেন, এবার সোনা জিততে পারলে সেটি হবে ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। টেনিসে সম্ভাব্য সবকিছুই পাওয়া হয়ে গেছে, বাকি ছিল শুধু অলিম্পিকের বিজয়মঞ্চে সোনার পদক গলায় ঝোলানো। সেটা স্বপ্ন ভেঙে গেল প্রথম রাউন্ডেই, ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/২) গেমে দেল পোত্রোর কাছে হেরে। তবে দ্বৈতে সোনা জয়ের আশাটা এখনো বেঁচে আছে।
কিন্তু প্রথম রাউন্ড থেকে এভাবে বিদায় জোকোভিচের জন্য মেনে নেওয়া কঠিনই। ১২ বারের গ্র্যান্ড স্লামজয়ীর প্রতিক্রিয়াতেই বোঝা গেছে, ধাক্কাটা সামলাতে সময় লাগবে তাঁর, ‘কোনো সন্দেহ নেই, এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন পরাজয়গুলোর একটি। এভাবে টুর্নামেন্ট থেকে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। তবে চোটের সঙ্গে যুদ্ধ করে আমার বন্ধু যেভাবে জিতেছে, তাতে আমি খুশি।’
চোটের সঙ্গে মরণলড়াইয়ে দেল পোত্রো হেরে যাবেন বলে মনে হচ্ছিল অনেকবারই। সেই ২০১০ সালে অস্ত্রোপচারের পর শুরু যুদ্ধের। গত দুই বছরে মাত্র ছয়টি ইভেন্টে খেলেছেন। ২০১২ অলিম্পিকে দেল পোত্রোর কাছে হেরেই জোকোভিচ ফাইনালে উঠতে পারেননি। ২০০৯ সালের ইউএস ওপেনজয়ী এই আর্জেন্টাইন এবারের জয়টাই এগিয়ে রাখছেন, ‘গতবারের চেয়ে এই জয়টা বড়। কারণ তিনবার শল্যবিদের ছুরির নিচ থেকে ফিরে আসতে হয়েছে আমাকে। ক্যারিয়ারের সেরা ম্যাচটা আমি খেলেছি।’
সেরেনা-ভেনাসের হারটাও বড় অঘটন। দ্বৈতে দুজন এই প্রথম কোনো ম্যাচ হারলেন। ২০০০ সিডনি অলিম্পিকের পর থেকে টানা ১৫ ম্যাচ অপরাজিত ছিলেন। এবার চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা ও বারবারা স্ত্রাইকোভার কাছে প্রথম রাউন্ডেই হেরে গেছেন ৬-৩, ৬-৪ গেমে। সেরেনার এখনো এককে সোনা জয়ের আশা বেঁচে আছে, ভেনাসের তা-ও নেই। অ্যান্ডি মারে ও জেমি মারেও বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকে। তবে ছোট ভাই অ্যান্ডি জয় পেয়েছেন এককে। এএফপি, রয়টার্স।