চ্যালেঞ্জের মুখে পিস্টোরিয়াসের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্ধবীকে অস্কার পিস্টোরিয়াস জেনেশুনেই হত্যা করেছিলেন বলে রায় দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্ট। সেই রায়ের বিরুদ্ধেও দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সাংবিধানিক আদালতে আপিল করেছেন পিস্টোরিয়াসের আইনজীবীরা। তবে সরকারপক্ষের কৌঁসুলিরা বলছেন, এই আপিলের কোনো ভিত্তি নেই। তাঁরাও আদালতে পিস্টোরিয়াসের এই আপিল চ্যালেঞ্জ করেছেন।
২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি প্রিটোরিয়ায় পিস্টোরিয়াসের হাতে খুন হন তাঁর বান্ধবী রিভা স্টিনক্যাম্প। কিন্তু সেটি ইচ্ছাকৃত হত্যা ছিল না বলেই পিস্টোরিয়াসের পক্ষ থেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত ২০১৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার নিম্ন আদালতও রায় দেন, পিস্টোরিয়াস ইচ্ছাকৃতভাবে বান্ধবীকে হত্যা করেননি। তবে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত। পরে প্যারোলে মুক্তি পেয়ে নিজের বাড়িতে ফেরার সুযোগও পান ‘ব্লেড রানার’ হিসেবে খ্যাত অ্যাথলেট পিস্টোরিয়াস। কিন্তু মামলার বাদী রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে যায়। সেই আপিল শুনানির ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত বছরের ডিসেম্বরে নিম্ন আদালতের রায় উল্টে দিয়ে পিস্টোরিয়াসকে সরাসরি হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন।
আদালতের আগের দেওয়া রায়ে পাঁচ বছরের জেলের মধ্যে এক বছর সাজা খাটার পর পিস্টোরিয়াস আপাতত গৃহবন্দী। তবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে আবার জেলে যেতে হবে। দক্ষিণ আফ্রিকার আইনে হত্যার সর্বনিম্ন সাজা ১৫ বছরের কারাদণ্ড। অবশ্য বিচারক বিশেষ বিবেচনায় এর হেরফের করতে পারেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সেই রায়ের পরই এর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতে আপিল করেছেন পিস্টোরিয়াসের আইনজীবীরা। সাংবিধানিক আদালত দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালত। তবে এটি আসলেই সাংবিধানিক বিষয়ের সঙ্গে জড়িত কি না, আপিল গ্রহণ করার আগে সেটি বিবেচনায় নেন সাংবিধানিক আদালত। সর্বোচ্চ আদালত সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই এই আপিলের কোনো ভিত্তি নেই দাবি করে পাল্টা চ্যালেঞ্জ করেছে রাষ্ট্রপক্ষ। সরকারপক্ষের কৌঁসুলি আন্দ্রেয়া জনসন পরশু বলেছেন, ‘আমরা সাংবিধানিক আদালতের কাছে যথাযথ সম্মান সহকারে এটা জানিয়েছি যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোনো আইনগত ভুল করেননি এবং পিস্টোরিয়াসের পক্ষ থেকে যে আপিল করা হয়েছে, তার কোনো ভিত্তি নেই।’
শেষ পর্যন্ত পিস্টোরিয়াসের ভাগ্যে কী অপেক্ষা করছে, তা জানতে হলে অবশ্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। রয়টার্স, গার্ডিয়ান।