‘ছোট চুল’ নিয়ে অনলাইনে হেনস্তার শিকার কোরিয়ার দুই সোনাজয়ী

অ্যান সানছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে হয়রানির হাত থেকে বাঁচলেন না অলিম্পিকে দক্ষিণ কোরিয়ার দুই সোনাজয়ী নারী ক্রীড়াবিদও। মেয়ে হয়েও ‘চুল ছোট কেন’ এমন অযাচিত প্রশ্ন করে তাঁকে উত্ত্যক্ত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে এ ঘটনায় তাঁর পাশে দাঁড়ানো মানুষের সংখ্যা অনেক।

এবারের টোকিও অলিম্পিকেই আর্চারিতে দুটি সোনা জিতেছেন তিনি। অ্যান সান নামের ২০ বছর বয়সী এই তিরন্দাজ দলগত ও মিশ্র দ্বৈত—দুই ইভেন্টেই সোনা জিতেছেন। বাছাইপর্বে ৬৮০ পয়েন্ট স্কোর করে অলিম্পিক রেকর্ড ভেঙেছেন। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকের পর এই প্রথম কোনো নারী আর্চার বাছাইপর্বে এত পয়েন্ট স্কোর করলেন।

দুটি সোনা জিতেছেন ও্যান সান
ছবি: এএফপি

অ্যানকে অভিযুক্ত করা হয়েছে ‘নারীবাদী’ হিসেবে। দক্ষিণ কোরিয়াতে বেশ কিছুদিন ধরেই পুরুষদের মধ্যে নারীবাদবিরোধী মনোভাব তুঙ্গে। ব্যাপারটি রীতিমতো হয়রানির অস্ত্র হিসেবে সেখানে ব্যবহৃত হওয়ার অভিযোগ উঠেছে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও প্রযুক্তিগতভাবে উন্নত দেশ হওয়া সত্ত্বেও দক্ষিণ কোরীয় সমাজ পুরুষশাসিত।

দেশটিতে নারী অধিকার বিষয়েও বিস্তর অভিযোগ আছে বাইরের দুনিয়ার।

দক্ষিণ কোরিয়াতে ‘নারীবাদ’-এ পুরুষ সমাজের একাংশের আপত্তি আছে। ব্যাপারটি অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। পুরুষেরা অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে নারীবাদে অভিযুক্ত করে তাদের পণ্য বয়কট করে। অনেক সময় এ কারণে অনেক প্রতিষ্ঠানকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতেও বাধ্য করা হয়েছে।

মিশ্র দ্বৈতে রেকর্ড গড়েছেন অ্যান সান
ছবি: এএফপি

সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যানের ছোট চুল দেখেই শুরু হয় হয়রানি। তাঁকে উদ্দেশ্য করে অনেকে মন্তব্য লেখেন, ‘যেহেতু তোমার চুল ছেলেদের মতো, তাই আমরা ধরে নিতে পারি, তুমি একজন নারীবাদী।’ কেউ কেউ তাঁর অলিম্পিক সোনা কেড়ে নেওয়ার দাবিও জানিয়েছেন।

তবে অ্যানের পাশে দাঁড়িয়ে অনলাইনে বিদ্বেষীদের ধুয়ে দিয়েছেন অনেকেই। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত বহু ব্যক্তিই সামাজিক মাধ্যমে এ ঘটনায় অ্যানের পাশে দাঁড়িয়েছেন।
জ্যাং হিয়ে উং নামের একজন নারী আইনজীবী মন্তব্য করেছেন, ‘যত দিন এ সমাজে লিঙ্গবৈষম্য থাকবে, তত দিন অলিম্পিকের মতো আসরে নিজের যোগ্যতা দিয়ে সোনা জয় করে আসার পরেও একজন নারীকে অপমাণিত হতে হবে। কেবলমাত্র খাটো করে চুল কাটার কারণে একজন নারীর অলিম্পিক পদক কেড়ে নেওয়ার দাবি জানানো হবে! এ কেমন সমাজ আমাদের!’

অ্যান সান
ছবি: এএফপি

জ্যাং হিয়ে উং আরও লিখেছেন, ‘অ্যান এমন একটা দিনে অপমাণিত হলেন, যেদিন আর্চারিতে দক্ষিণ কোরিয়া নিজেদের শ্রেষ্ঠত্ব আবার দুনিয়ার সামনে তুলে ধরেছে। ব্যাপারটি আমাদের জাতীয় মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছে খুব বাজেভাবেই।’

অ্যানের প্রতি সমর্থন জানিয়ে ছোট চুলের প্রায় ৬০০ নারীর ছবি পোস্ট করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত অভিনেত্রী, সংগীতশিল্পী থেকে শুরু করে করপোরেট জগতের বিখ্যাত নারীরা তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট চুলের নারীদের ছবি পোস্ট করে অ্যানের প্রতি জানিয়েছেন সংহতি।

এ ব্যাপারে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন কোরিয়ার সবচেয়ে কম বয়সী নারী সাংসদ রিউ হ–জিওং। এই সাংসদ কিছুদিন আগে পার্লামেন্টে নিজের পোশাকের কারণে তিরস্কৃত হয়েছিলেন। তাঁর পরনের পোশাক দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের মর্যাদা নষ্ট করেছে বলে অভিযোগ তুলেছিলেন বেশ কিছু পুরুষ সাংসদ।