জাপানের বিপক্ষে সন্ধ্যায় প্রস্তুতি ম্যাচ খেলার এক ঘণ্টা পরই কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি বেছে নিলেন এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির জন্য ২০ সদস্যের চূড়ান্ত দল। এই দলে একেবারে নতুন মুখ বিপ্লব কুজুর, মেহেদী হাসান, শফিউল আলম, সারোয়ার মোর্শেদ, প্রিন্স লাল সামন্ত ও রকিবুল ইসলাম।
৩২ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক অসীম গোপ, ফরোয়ার্ড মাইনুল ইসলাম, মিলন হোসেন, হাসান যুবায়ের, মনোজ বাবু, রাজীব দাস, আল নাহিয়ান, রাজু আহমেদ, আবেদ উদ্দিন, খালেদ মাহমুদ, মাহবুব হোসেন, রাজীবুল হাসান।
বাদ পড়া এই ১২ জনের মধ্যে প্রাথমিক ক্যাম্পেই যোগ দেননি মাইনুল ইসলাম। আর এবারের প্রিমিয়ার লিগে দল পাননি অসীম গোপ। শুরুতে মোহামেডান স্পোর্টিং লিমিটেডের সঙ্গে চুক্তি করার কথা থাকলেও অসীমকে শেষ পর্যন্ত নেয়নি দলটি। যে কারণে কোনো ঘরোয়া টুর্নামেন্টেই খেলতে পারেননি জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ গোলরক্ষক। আর সেটারই প্রভাব পড়েছে এবারের চূড়ান্ত জাতীয় দল থেকে ছিটকে গিয়ে।
বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন মিলন। তবে লিগের সর্বোচ্চ গোলদাতা সোহানুর রহমান জায়গা পেয়েছেন দলে। অভিজ্ঞ রাসেল মাহমুদ, সারোয়ার হোসেন, আশরাফুল ইসলামের সঙ্গে যুব দলে খেলা প্রিন্স লাল সামন্ত ঢুকেছেন জাতীয় দলে। অধিনায়ক ঘোষণা করা হয়েছে জাতীয় বয়সভিত্তিক দলের অধিনায়ক আশরাফুল হোসেনকে। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল গড়েছেন কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি।
মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় জাপানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। একমাত্র গোলটি করেছেন খোরশেদুর রহমান। ম্যাচ শেষে ছেলেদের পারফরম্যান্সে অবশ্য বেশ খুশি কোচ গোবিনাথান, ‘অনেক দিন পর বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। প্রথম কোয়ার্টারে ছেলেরা জাপানের খেলার গতি-প্রকৃতি বুঝতে পারেনি। তাই ৩ গোল খেয়েছে। তবে ধীরে ধীরে ওরা খেলায় ফিরেছে। আমি মাত্র ১০-১৫ দিন সুযোগ পেয়েছি এদের নিয়ে কাজ করার। এরপরও আমি আশাবাদী এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো কিছুই উপহার দেবে।’
বাংলাদেশ শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে পাকিস্তানের বিপক্ষে আগামীকাল। ১৪ ডিসেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে স্বাগতিকেরা।
বাংলাদেশ দল: বিপ্লব কুজুর, আবু সাইদ, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান, মেহেদী হাসান, রেজাউল করিম, শফিউল আলম, সারোয়ার মোর্শেদ, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইম উদ্দিন, ফজলে হোসেন, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ, আরশাদ হোসেন, পুষ্কর খীসা, রকিবুল ইসলাম ও দ্বীন ইসলাম।