জনসনের রাজত্ব এখন নিকার্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব রেকর্ড এখন আমার—টাইমিং বোর্ডের দিকে তাকিয়ে সেটিই যেন বললেন ৪০০ মিটার বিশ্ব রেকর্ড করা ওয়েইড ফন নিকার্ক l রয়টার্স
বিশ্ব রেকর্ড এখন আমার—টাইমিং বোর্ডের দিকে তাকিয়ে সেটিই যেন বললেন ৪০০ মিটার বিশ্ব রেকর্ড করা ওয়েইড ফন নিকার্ক l রয়টার্স

উসাইন বোল্ট বলছেন, ‘দুর্দান্ত পারফরম্যান্স!’ মাইকেল জনসন আরও এক ধাপ এগিয়ে। তাঁর কাছে এটা ‘অবিশ্বাস্য’!

জনসন নিজেই ট্র্যাকে কত অবিশ্বাস্য কীর্তি গড়েছেন। বোল্ট এখনো গড়ে যাচ্ছেন। কিন্তু পরশু রিওতে এই দুই কিংবদন্তি মুগ্ধ ২৪ বছর বয়সী এক দক্ষিণ আফ্রিকান অ্যাথলেটের পারফরম্যান্সে। যার জন্য তাঁদের মুখে এত প্রশংসা। কে তিনি?

ওয়েইড ফন নিকার্ক। ছেলেদের ৪০০ মিটার দৌড়ের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। রিওতেও তাই এই ইভেন্টে তাঁকে নিয়ে দক্ষিণ আফ্রিকানদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু প্রতিদ্বন্দ্বীরাও তো যেনতেন নন। ২০১২ লন্ডনের সোনাজয়ী গ্রেনাডার কিরানি জেমস এবং ২০০৮ বেইজিংয়ের চ্যাম্পিয়ন লশন মেরিট। তার ওপর ফাইনালে ফন নিকার্কের জায়গা হলো ৮ নম্বর লেনে, যেখান থেকে ১৯২৪ সালের পর কেউ ৪০০ মিটারে অলিম্পিক চ্যাম্পিয়ন হতে পারেননি!

কিন্তু দিনটা ছিল নিকার্কের। সাবেক দুই চ্যাম্পিয়নকে পেছনে ফেলে শুধু সোনাই জিতলেন না, সময় নিলেন ৪৩.০৩ সেকেন্ড—বিশ্ব রেকর্ড! ১৯৯৯ সালে সেভিয়ায় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মাইকেল জনসনের গড়া বিশ্ব রেকর্ডের চেয়ে ০.১৫ সেকেন্ড কম। জনসনের রেকর্ডটি ট্র্যাকের রূপকথাতুল্য রেকর্ড হয়ে ছিল এত দিন। ১৭ বছর পর জনসনের সেই রাজত্ব কেড়ে নিলেন ফন নিকার্ক! লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন জেমস ৪৩.৭৬ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। বেইজিংয়ের চ্যাম্পিয়ন মেরিট ব্রোঞ্জ জিতেছেন ৪৩.৮৫ সেকেন্ড সময় নিয়ে। রিও অলিম্পিকে এটি দক্ষিণ আফ্রিকার প্রথম সোনা। ছেলেদের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টেও এই অলিম্পিকের প্রথম বিশ্ব রেকর্ড। একই দিনে কত কীর্তি নিকার্কের!

বিবিসি টেলিভিশনের বিশ্লেষক হিসেবে নিকার্কের কীর্তির সাক্ষী হয়েছেন জনসনও। নিজের রেকর্ড এভাবে ভেঙে যেতে দেখে মন খারাপ হবে কী, উল্টো মুগ্ধতা তাঁর কণ্ঠে, ‘অবিশ্বাস্য! ভয়াবহ ব্যাপার! এই ছেলেটা আজ বিশেষ কিছু করল। আমার বিশ্বাস, সে এই রেকর্ডটাকে ৪৩ সেকেন্ডের নিচে নামিয়ে আনবে।’

শেষ দিকে এসে জেমস আর মেরিটের গতি যখন কমছে, তখন নিকার্কের গতি বেড়েছে অবিশ্বাস্যভাবে। যেটি দেখে জনসনও বলেছেন, ‘৮ নম্বর লেন থেকে বিশ্ব রেকর্ড! আমি ২০০ মিটার থেকে ৪০০ মিটার পর্যন্ত এমন কিছু কখনো দেখিনি।’

এরই মধ্যে অবশ্য আরও একটা কীর্তি হয়েছে নিকার্কের। ১০০ মিটারে তাঁর ব্যক্তিগত সেরা সময় ৯.৯৮ সেকেন্ড, ২০০ মিটারে ১৯.৯৪। গত বছর আগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে সময় নিয়েছিলেন ৪৩.৪৮ সেকেন্ড। ১০ সেকেন্ডের কমে ১০০ মিটার, ২০ সেকেন্ডের কমে ২০০ মিটার ও ৪৪ সেকেন্ডের কমে ৪০০ মিটার দৌড়ানো ইতিহাসের প্রথম অ্যাথলেট নিকার্ক! আরও বিস্ময়কর ব্যাপার, এত এত কীর্তি যিনি গড়ছেন তাঁর কোচ ৭৪ বছর বয়সী বৃদ্ধা অ্যানস বোথা! দক্ষিণ আফ্রিকান অ্যাথলেটদের বেশির ভাগ যাঁকে ডাকেন ‘ট্যানি (চাচি) অ্যানস’ নামে।

নতুন বিশ্ব রেকর্ডের পর নিকার্ক সবচেয়ে বেশি কৃতজ্ঞতাও জানিয়েছেন এই অ্যানসকে। বলেছেন ট্র্যাকে তাঁর আইডলদের কথাও, ‘অনেকেই আমাকে অনুপ্রাণিত করেছেন। উসাইন বোল্ট, মাইকেল জনসন—আমি ওদের দেখে অনেক কিছু শিখেছি। এমনকি আজ যাদের বিপক্ষে দৌড়েছি, সেই জেমস-মেরিট, তারাও আমার অনুপ্রেরণা।’

নিকার্কের কাছে হেরে আফসোস নেই জেমস আর মেরিটেরও। অভিনন্দন জানিয়ে জেমসও সঙ্গে সঙ্গেই বলেছেন, ‘আমি এই ঐতিহাসিক দৌড়ের অংশীদার হতে পেরে গর্বিত।’ মুগ্ধতা মেরিটের কণ্ঠেও, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। বিশ্ব রেকর্ড ভেঙেছে আজ, সেরা অ্যাথলেটই জিতেছেন।’ এএফপি।