
দুটো লড়াই যেন সমান্তরালে চলছে রিও অলিম্পিকে। একটি পদকের জন্য। ট্র্যাক ও ফিল্ড, সুইমিং পুল, মাঠে কিংবা কোর্টে। সবাই তা দেখতেও পাচ্ছেন। কিন্তু অন্য একটা লড়াইও কাঁপিয়ে দিচ্ছে রিও ডি জেনিরোকে। মানসিক লড়াই। যেটি চলছে ডোপপাপীদের সঙ্গে স্বচ্ছ অ্যাথলেটদের মধ্যে। অতীতে যাঁরা ডোপ কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন, সেসব অ্যাথলেটের দিকে কথার তির ছুড়ছেন অন্য অ্যাথলেটরা। স্বাভাবিকভাবেই জমে উঠেছে এই লড়াইও।
‘ডোপপাপী’ হিসেবে রিওতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিতর্ক চীনা সাঁতারু সুন ইয়াংকে নিয়ে। পুলে নামার আগেই ইয়াংকে ‘ডোপপাপী’ বলে ঝড় তুলেছিলেন অস্ট্রেলিয়ান সাঁতারু ম্যাক হর্টন। ৪০০ মিটার ফ্রিস্টাইলে সেই ইয়াংকে হারিয়ে সোনা জেতার পরও আবার বলেছেন, ডোপপাপীদের জন্য তাঁর কোনো সমবেদনা নেই। কাল পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতে সেই সমালোচনার জবাব দিলেন সুন ইয়াং। এই ইভেন্টে ইয়াংয়ের সময় লেগেছে ১ মিনিট ৪৪.৬৫ সেকেন্ড। দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লস রুপা জিতেছেন ১ মিনিট ৪৫.২০ সেকেন্ড সময় নিয়ে।
হর্টনের কথার জবাব দিতে যে মুখিয়ে ছিলেন ইয়াং, সেটি বোঝা যাবে সোনা জয়ের পর তাঁর প্রতিক্রিয়া শুনেই, ‘এই দুই দিন আমার মনের মধ্যে অনেক কিছু ঘটে গেছে। আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। অনেক চাপ ছিল আমার ওপর। সোনা জয়ের পর মনে হচ্ছে সেই চাপ কিছুটা কমেছে।’
তবে সুন ইয়াংকে নিয়ে বিতর্ক এখানেই শেষ হচ্ছে না। ইয়াংয়ের ইভেন্টের কিছুক্ষণ পরেই পুরুষ ১০০ মিটার ব্যাকস্ট্রোকে পঞ্চম হওয়া ফরাসি সাঁতারু নতুন করে তির ছুড়েছেন ইয়াংয়ের দিকে। ক্ষোভ ঝেড়ে বলেছেন, ‘সে তো ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিল। খেলাটা এমন হয়ে যাচ্ছে দেখে খুব খারাপ লাগছে। প্রতিটি ইভেন্টের ফাইনালেই এমন দুই-তিনজন ডোপপাপী থাকছেন।’
ডোপ কেলেঙ্কারি নিয়ে কথার লড়াই জমে উঠেছে যুক্তরাষ্ট্রের সাঁতারু লিলি কিং ও রাশিয়ার ইয়ুলিয়া এফিমোভার মধ্যেও। মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে কাল এফিমোভাকে হারিয়ে শোনা জিতেছেন লিলি কিং। ২৪ বছর বয়সী এফিমোভা ডোপ কেলেঙ্কারির কারণে নিষিদ্ধ হয়েছিলেন। এই অলিম্পিকেও অংশ নিতে পারেন কি না, সে নিয়ে সংশয় ছিল। তবে শেষ মুহূর্তে আপিল করে ছাড়পত্র পান এফিমোভা। কিন্তু রিওতে আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের সাঁতারুরা তাঁকে কথার তিরে বিঁধছেন। ফাইনালের আগেই এফিমোভাকে ডোপপাপী বলে বিতর্কের ঝড় তোলেন লিলি কিং। এমনকি ফাইনালে পুলে নামার আগে এফিমোভাকে দুয়ো দিয়েছেন দর্শকেরাও। এফিমোভা চেয়েছিলেন পুলে নেমেই এসব সমালোচনার জবাব দিতে। সেটি না পারায় ফাইনাল শেষে কান্নায় ভেঙে পড়েন রুশ এই সাঁতারু।
লিলি কিং অবশ্য এরপরেও নিজের অবস্থান থেকে সরে আসেননি। বরং সোনা জয়ের পর আরও উচ্চকিত হলো তাঁর কণ্ঠ, ‘এতেই প্রমাণিত হয়, স্বচ্ছ থেকেও সেরা হওয়া যায়। আমি আগে যা বলেছি, সেটি নিয়ে খুবই আনন্দিত। নিজে জিতেই তো এর প্রমাণ দিলাম।’
এই বিতর্কে লিলি কিংয়ের পাশে দাঁড়িয়েছেন মাইকেল ফেল্প্সও। ডোপপাপীদের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করে সর্বকালের সেরা অলিম্পিয়ান বলে দিয়েছেন, ‘আমার মনে হয় সবার আরও বেশি করে এটা নিয়ে কথা বলা উচিত। লিলি যা বলেছে ঠিকই বলেছে। আপনি পদক জিতবেন, তারপর দেখা যাবে আপনি একজন ডোপপাপী, এটা তো ঠিক নয়। আমি এসবের সমর্থক নই।’ এএফপি, রয়টার্স।