জলে ফেল্প্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল ফেল্‌প্‌স
মাইকেল ফেল্‌প্‌স

একজন ঝড় তোলেন ট্র্যাকে, আরেকজন সুইমিং পুলে। উসাইন বোল্ট তাঁর রাজ্যপাটে এখনো দোর্দণ্ড প্রতা​েপ, আর মাইকেল ফেল্‌প্‌স অবসর ভেঙে আবারও ফিরছেন তাঁর সাম্রাজ্যে। তবে খুব সম্ভব রিওর পর দুজনই বিদায় বলে দেবেন অলিম্পিককে

১৬ বছর আগের ওই স্মৃতি কি মনে আছে মাইকেল ফেল্‌প্‌সের? সিডনিতে গায়ে ছিল কৈশোরের গন্ধ, ১৫ বছর বয়সী ফেল্‌প্‌সের কাঁধে কোনো চাপ ছিল না। সেবার কোনো পদক পাননি, তবে নিজের আগমনবার্তাটা জানিয়ে দিয়েছিলেন অনুচ্চারেই। এরপর একটু একটু করে সেই কাঁধ চওড়া হয়েছে, সাঁতারের সব রেকর্ড একে একে নিজের করে নিয়েছেন। কী অদ্ভুত, ৩১ বছর বয়সে এসে সেই ফেল্‌প্‌সের কাঁধে এবার যেন চাপ নেই!

সর্বকালের সেরা অলিম্পিয়ান রিওতে এবার মাত্র তিনটি ব্যক্তিগত ইভেন্টে নামবেন। ১০০ ও ২০০ মিটার বাটারফ্লাই ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে যে নিরঙ্কুশ ফেবারিট, সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। ফেল্‌প্‌সনিজেই নিজের কানে জপে দিচ্ছেন উপভোগের মন্ত্র, ‘আমি যেটা উপভোগ করছি, সেটাই এখন করছি। আগে আমি কানে হেডফোন গুঁজে রাখতাম, কারও সঙ্গে কথাও বলতাম না। এখন আমি আগের চেয়ে অনেক বেশি নির্ভার।’

নিজের ওপর চাপ নেননি বলেই এবার ফেল্‌প্‌সপেয়ে যাচ্ছেন অনেক দিনের ‘পাওনা’ একটা সম্মান। এর আগে ৪০০ মিটার মিডলেতে নামার জন্য অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেননি। দেশের হয়ে পতাকা বইবার সৌভাগ্যটাও অধরা থেকে গিয়েছিল। এবার সেই সুযোগ পেয়ে একটু আবেগাপ্লুতই হয়ে পড়লেন, ‘খবরটা শোনার পর যে হাসি দিয়েছি, তার চেয়ে চওড়া হাসি কখনো হাসিনি। একটু আবেগেও ভেসে গিয়েছিলাম। চোখের জলও এক-দুই ফোঁটা হয়তো পড়েছে, সেটা অবশ্যই আনন্দের।’

অথচ এবারের রিও অলিম্পিকে তো ফেল্‌প্‌সের থাকারই কথা ছিল না। দুই বছর আগে সবাইকে চমকে দিয়ে জানালেন, রিও অলিম্পিকে ফিরতে চান। কিন্তু শুধু ফিরতে চাইলেই তো হবে না, নিজেকে নতুন করে প্রমাণও করতে হবে। সেই প্রমাণও দিলেন গত বছর। যুক্তরাষ্ট্রের জাতীয় সাঁতারে নেমে ১০০ ও ২০০ মিটার বাটারফ্লাই এবং ২০০ মিটার মিডলেতে করলেন বছরের সেরা টাইমিং।

তবে অলিম্পিকে নিজেকে নতুন করে প্রমাণের কিছু নেই। ১৮টি সোনাসহ রেকর্ড ২২টি পদক জয়ের কীর্তিটাও কোন অনাগত দিনে কে ভাঙবেন, কে জানে! তবে আরও একবার সোনার পদক গলায় ঝোলানোর জন্য এবার অন্য একটা প্রেরণা আছে ফেল্‌প্‌সের। মাস তিনেক আগে প্রথমবারের মতো বাবা হয়েছেন। নবজাতককে উপহার দেওয়ার এই শেষ সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না ‘জলদানব’! সূত্র: এএফপি, রয়টার্স।